উজিরপুরে ব্যাঙের ছাতার মতো ফার্মেসি, ব্যবস্থাপত্র ছাড়াই বিক্রি হচ্ছে অ্যান্টিবায়োটিক

প্রতিবেদন:

·

, , , , ,

বরিশালের উজিরপুরে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ওষুধের দোকান (ফার্মেসি)। উপজেলার বিভিন্ন হাটবাজারে গড়ে ওঠা এসব দোকানের অনেকগুলোর প্রয়োজনীয় ড্রাগ লাইসেন্স ও প্রশিক্ষিত ফার্মাসিস্ট আছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, কিছু দোকানে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই বিক্রি হচ্ছে অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধ। রোগের লক্ষণ শুনেই ওষুধের নাম ও মাত্রা নির্ধারণ করে দিচ্ছেন বিক্রেতারা। এতে ভুল ওষুধ সেবন, পার্শ্বপ্রতিক্রিয়া ও অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর ঝুঁকিতে পড়ছেন সাধারণ মানুষ।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন বাজারে অসংখ্য ফার্মেসি গড়ে উঠেছে। বিশেষ করে শোলক, হারতা, বামরাইল, ওটরা ও সাতলা ইউনিয়নের বাজারগুলোতে ওষুধের দোকান রয়েছে। স্থানীয়দের অভিযোগ, এসব দোকানের কিছুতে রোগীর অসুস্থতার কথা শুনেই একাধিক ওষুধ দেয়া হচ্ছে। জ্বর, সর্দি, কাশি কিংবা পেটব্যথার কথা বললে রোগের কারণ নির্ণয় ছাড়াই ওষুধ ধরিয়ে দেয়া হয়। এমনকি চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই অ্যান্টিবায়োটিক বিক্রি করা হচ্ছে।

ফার্মেসি পরিচালনায় প্রয়োজনীয় যোগ্যতা ও নিয়মনীতি অনুসরণের বদলে অনেকে অন্য দোকানে কিছুদিন কাজ করার অভিজ্ঞতাকে পুঁজি করে ওষুধের ব্যবসা শুরু করছেন বলে অভিযোগ রয়েছে। ওষুধের সঠিক ব্যবহার, মাত্রা, পার্শ্বপ্রতিক্রিয়া ও সংরক্ষণ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকলে রোগীরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন।

বিশেষজ্ঞদের মতে, চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন কিংবা নির্ধারিত মাত্রা ও সময় অনুসরণ না করা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। এতে জীবাণু ওষুধ প্রতিরোধী হয়ে উঠতে পারে। ফলে সাধারণ সংক্রমণের চিকিৎসাও একসময় জটিল হয়ে পড়ার আশঙ্কা থাকে। নিজের ইচ্ছায় অ্যান্টিবায়োটিক শুরু করা, ভুল মাত্রায় সেবন কিংবা চিকিৎসকের নির্দেশনা ছাড়া ব্যবহার বন্ধ করা—সবই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি বাড়াতে পারে।

এ ছাড়া কিছু অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের ওষুধ বিক্রি এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেয়ার অভিযোগ রয়েছে।

উপজেলার বাজারগুলোতে ফার্মেসির সংখ্যা বাড়লেও সেগুলোর লাইসেন্স, ফার্মাসিস্টের যোগ্যতা, ওষুধ সংরক্ষণের পরিবেশ ও বিক্রির নিয়ম নিয়মিত তদারক করা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় সচেতন মহলের দাবি, অনুমোদনহীন ফার্মেসি চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হোক।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শামীম আক্তার বলেন, ‘চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক বা অন্য ওষুধ সেবন স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। ফার্মেসি থেকে রোগের লক্ষণ শুনে ওষুধ দেয়া উচিত নয়। বিশেষ করে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ও নির্ধারিত মাত্রা অনুসরণ করা জরুরি। এতে রোগীর জটিলতা বাড়ার পাশাপাশি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হতে পারে। বিষয়টি জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক।’

জেলা সিভিল সার্জন ডা: মো: সাইয়েদুর রহমান বলেন, ‘ওষুধ বিক্রির ক্ষেত্রে নির্ধারিত আইন ও বিধিমালা অনুসরণ করতে হবে। লাইসেন্সবিহীন ফার্মেসি পরিচালনা, অনিয়মিতভাবে ওষুধ বিক্রি কিংবা চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির বিষয়গুলো গুরুত্বের সাথে দেখা প্রয়োজন। এ ধরনের অভিযোগ পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহানুর রহমান সেতু বলেন, ‘লাইসেন্সবিহীন ওষুধের দোকান পরিচালনা এবং ওষুধ বিক্রিতে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। জনস্বার্থে এ ধরনের অনিয়ম বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট দফতরের সাথে সমন্বয় করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।’