চট্টগ্রামের মিরসরাইয়ে নির্মাণাধীন তোরণের ছাদ ধ্বসে মো: বোরহান উদ্দিন (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী দিঘিরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
বোরহান মঘাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাজির তালুক গ্রামের মো: মিয়ার ছেলে।
জানা গেছে, রোববার সকালে একই উপজেলার মায়ানী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম মায়ানী দিঘিরপাড়া এলাকায় মোজাম্মেল হোসেনের বাড়ির বাউন্ডারি ওয়ালের নির্মাণাধীন তোরনের সেন্টারিং খোলার সময় সেটি ধ্বসে ইট কংক্রিটের অন্তত ১৫ ফুট নিচে চাপা পড়েন তিনি। পরে স্থানীয়রা প্রায় এক ঘণ্টার চেষ্টায় উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান, সকালে কিছু বুঝে উঠার আগে বিকট শব্দে এলাকা কেঁপে উঠে। বের হয়ে দেখি নির্মাণাধীন তোরণটি ভেঙে কাজ করতে আসা একটি লোক সেখানে চাপা পড়ে আছে। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তিনি মারা যায়।
তিনি আরো বলেন, তোরণটি ঢালায় দেয়া হয় গত বৃহস্পতিবারে। তিন দিনের মাথায় সেন্টারিং খোলার নিয়ম না থাকলেও কাজের ঠিকাদারের উদাসীনতায় তা খুলে ফেলতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ ইয়াকুব বলেন, ‘দুর্ঘটনায় মৃত একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা নীরিক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। পরবর্তীতে লাশ মিরসরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ‘নির্মাণাধীন গেইটের তোরণের ছাদ ধ্বসে এক শ্রমিক মারা গেছে। লাশ থানায় আনা হচ্ছে। যদি এ ঘটনায় পরিবার মামলা করতে চায়, তাহলে আমরা মামলা নেব।’
