বছরের পর বছর নিজ দেশে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ চালিয়ে যাওয়া এবং কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে থেকেও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা কীভাবে দিন দিন নিজেদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে? মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী শক্তি হিসেবে তাদের এই উত্থানের পেছনে অর্থ ও অস্ত্রের জোগানই বা আসছে কোথা থেকে? এমন নানা প্রশ্নের উত্তর উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও গবেষণায়।
ইয়েমেনের লোহিত সাগর উপকূলে চলতি বছরের মার্চে হুতি বাহিনীতে যোগ দেন ১৯ বছর বয়সী তরুণ মোহাম্মদ (পুরো নাম প্রকাশ করা হয়নি)। দীর্ঘ কয়েক মাস ধরে সেখানে একটানা লড়াই করে একের পর এক এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে হুতিরা। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সেনাবাহিনী ও সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়ার পাশাপাশি সৌদি আরবের অভ্যন্তরেও নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে দেশটিকে নাজেহাল করে তুলেছে তারা। একই সঙ্গে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথের বড় একটি অংশও এখন এই সশস্ত্র গোষ্ঠীর দখলে।
সম্প্রতি রাজধানী সানায় গিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে মোহাম্মদ জানান, হুতি কর্তৃপক্ষ রণক্ষেত্রগুলোতে তাদের যোদ্ধাদের কাছে প্রয়োজনীয় সরঞ্জাম ও রসদ নিয়মিত পৌঁছে দিচ্ছে। তাঁর ভাষ্যমতে, ‘যুদ্ধের ময়দানে আমাদের সব সময় লড়াই আর মৃত্যুর মুখোমুখি হতে হয় না। আমরা ভালো সময়ও কাটাই, ভালো খাবার খাই। আহত বা অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করা হয়। মাঠপর্যায়ে আমাদের কমান্ডার প্রয়োজনীয় সরঞ্জাম ও রসদ সরবরাহ নিশ্চিত করেন।’
২৫০ কোটি ডলারের গোপন অর্থব্যবস্থা ও ‘হাওয়ালা’
ঐতিহ্যবাহী পোশাক ‘ফুতাহ’ পরা, কাঁধে পুরোনো একে-৪৭ রাইফেল এবং কোমরে বাঁকানো ‘জাম্বিয়া’ ছুরি গোঁজা একজন সাধারণ হুতি যোদ্ধাকে দেখলে মনে হতে পারে, আধুনিক যুদ্ধের অর্থনীতির সঙ্গে হয়তো তাঁদের কোনো সম্পর্ক নেই। কিন্তু এর আড়ালে হুতিরা বছরে প্রায় ২৫০ কোটি ডলারের একটি সমান্তরাল অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলেছে। ফলে ইরান থেকে পাওয়া অস্ত্র ও সামরিক সহায়তার বাইরেও তাদের হাতে বিপুল পরিমাণ নগদ অর্থের জোগান থাকে।
আরব নিউজের এক প্রতিবেদন অনুযায়ী, হুতিদের এই গোপন আর্থিক নেটওয়ার্ক আধুনিক ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট এবং শতাব্দী-প্রাচীন ‘হাওয়ালা’ ব্যবস্থার মাধ্যমে শত শত কোটি ডলারের লেনদেন করে। হাওয়ালা হলো এমন একটি অপ্রাতিষ্ঠানিক অর্থ স্থানান্তর ব্যবস্থা, যেখানে ব্যাংকের মাধ্যমে সরাসরি টাকা না পাঠিয়ে বিশ্বজুড়ে দালাল ও ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন দেশের মুদ্রায় লেনদেন সম্পন্ন হয়; ফলে লেনদেনকারীদের পরিচয় গোপন থাকে। অবৈধ অর্থায়ন ও গোপন আর্থিক অবকাঠামো-বিষয়ক বিশেষজ্ঞ এবং ‘বিটুইন দ্য লাইনস’-এর প্রতিষ্ঠাতা অ্যাডাম রাসেল জানান, হুতিরা অত্যন্ত সুসংগঠিত একটি অর্থায়নের ব্যবস্থা পরিচালনা করছে।
কর, শুল্ক ও অনুদান সংগ্রহের কৌশল
গালফ নিউজের প্রতিবেদন ও মাঠপর্যায়ের তথ্য অনুযায়ী, নিজেদের নিয়ন্ত্রিত এলাকাগুলোর ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর নানাবিধ কর, শুল্ক ও বিশেষ ফি আরোপ করে বিপুল অর্থ আদায় করে হুতিরা। পাশাপাশি সাধারণ মানুষের কাছ থেকেও ক্ষুদ্র অনুদান সংগ্রহ করা হয়। রাজধানী সানার বাসিন্দা নাজি আল-জাজিরাকে জানান, হাজার হাজার মানুষ ১০০ ইয়েমেনি রিয়াল (প্রায় ১৯ মার্কিন সেন্ট) করেও দান করেন, যা জমতে জমতে লাখ লাখ ডলারে পরিণত হয়। এ ছাড়া জানাজা, শোকযাত্রা এবং বড় সমাবেশে খাম বিতরণ করে বা কাপড় বিছিয়ে নগদ অর্থের পাশাপাশি রাইফেল, পিস্তল ও জাম্বিয়া ছুরিও অনুদান হিসেবে সংগ্রহ করা হয়।
তেল বাণিজ্য থেকে ২০০ কোটি ডলারের বেশি আয়
হুতিদের অর্থের সবচেয়ে বড় উৎসগুলোর একটি হলো তেল বাণিজ্য। ইরান থেকে আসা তেলের চালান নিজেদের নিয়ন্ত্রিত এলাকায় বিক্রি এবং অবৈধভাবে তেল চোরাচালানের মাধ্যমে তারা মোটা অঙ্কের অর্থ আয় করে। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কেবল এই তেল বাণিজ্য খাত থেকেই হুতি গোষ্ঠী বছরে ২০০ কোটি ডলারের বেশি আয় করে থাকে।
আত্মনির্ভরশীল যুদ্ধ-অর্থনীতি ও জনদুর্ভোগ
সানা সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা ব্যবস্থাপক ইয়াজিদ আল-জেদ্দাউই আল-জাজিরাকে বলেন, হুতিরা এমন একটি চক্রাকার ব্যবস্থা গড়ে তুলেছে, যা নিজেই নিজেকে শক্তিশালী করে। অর্থনীতির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকায় যুদ্ধবিধ্বস্ত ও বেকারত্বকবলিত ইয়েমেনের অনেক তরুণের জন্য হুতি বাহিনীতে যোগ দেওয়া এখন আয়ের অন্যতম প্রধান সুযোগ। সংগৃহীত এই অর্থ তারা কেবল যুদ্ধেই ব্যয় করছে না; বরং নিরাপত্তা বাহিনীর পরিধি বাড়ানো, উন্নত ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরি এবং পাহাড়ের নিচে ভূগর্ভস্থ স্থাপনা ও নিজস্ব অস্ত্র কারখানা গড়ে তুলতে বিনিয়োগ করছে।
তবে হুতিদের এই সামরিক ও আর্থিক সক্ষমতার বিপরীতে চরম দুর্দশায় দিন কাটাচ্ছেন ইয়েমেনের সাধারণ মানুষ। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ যুদ্ধের ফলে দেশটির প্রায় ৮০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে এবং ২ কোটি ২৩ লাখ মানুষ বেঁচে থাকার জন্য মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।
Read this report in English · ইংরেজি সংস্করণ