কানাডায় শিক্ষার্থী ও অভিবাসীদের স্বাস্থ্যসেবা: যে প্রস্তুতি জরুরি

কানাডায় স্বাস্থ্যসেবার নিয়ম ও বীমার সুযোগ প্রদেশভেদে আলাদা। আন্তর্জাতিক শিক্ষার্থী ও অভিবাসীদের জন্য আগাম বীমা, চিকিৎসার কাগজপত্র এবং কোথায় সেবা মিলবে, তা জেনে রাখা জরুরি।

প্রতিবেদন:

·

, ,

আন্তর্জাতিক শিক্ষার্থী বা অভিবাসী হিসেবে কানাডায় নতুন জীবন শুরু করার সময় স্বাস্থ্যসেবার প্রস্তুতি জরুরি। অনেকে মনে করেন, দেশটিতে পৌঁছালেই সব চিকিৎসা বিনামূল্যে মেলে। এই ধারণা সঠিক নয়। সঠিক তথ্য ও আগাম প্রস্তুতি না থাকলে চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খেতে হতে পারে। দীর্ঘ অপেক্ষায় রোগ ও মানসিক চাপও বাড়তে পারে।

স্বাস্থ্যসেবা ব্যবস্থা ও প্রচলিত ভুল ধারণা

কানাডার স্বাস্থ্যসেবা মূলত সরকারি অর্থে চলে, তবে নিয়মকানুন প্রদেশভেদে আলাদা। আপনি কোন প্রদেশে আছেন, আপনার ভিসার ধরন কী এবং আপনার শিক্ষাপ্রতিষ্ঠান কী ধরনের বীমা দেয়, তার ওপরই চিকিৎসার সুযোগ নির্ভর করে।

এখানে সাধারণত তিন ধরনের বীমা দেখা যায়:

  1. প্রাদেশিক সরকারি বীমা: যেমন অন্টারিওতে OHIP, ব্রিটিশ কলাম্বিয়ায় MSP, অ্যালবার্টায় AHCIP।
  2. বিশ্ববিদ্যালয় বা কলেজের বীমা: অনেক শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের জন্য নিজস্ব বাধ্যতামূলক বীমা রাখে, যেমন অন্টারিওর বিশ্ববিদ্যালয়গুলোর UHIP।
  3. ব্যক্তিগত স্বাস্থ্যবীমা: সরকারি বা প্রাতিষ্ঠানিক বীমার বাইরে থাকা খরচ মেটাতে এটি কাজে আসে।

মনে রাখা দরকার, কোনো একটি বীমা কার্ড থাকলেই সব চিকিৎসা বিনামূল্যে পাওয়া যাবে, তা নয়।

কার্ড হাতে আসার আগের ঝুঁকি

কানাডায় পৌঁছে যত দ্রুত সম্ভব সরকারি স্বাস্থ্য কার্ডের জন্য আবেদন করা উচিত। এ জন্য ভিসার কাগজপত্র, ঠিকানার প্রমাণ ও পাসপোর্ট লাগে।

সবচেয়ে বড় সমস্যা অপেক্ষার সময়। ব্রিটিশ কলাম্বিয়া ও সাসকাচুয়ানের মতো কয়েকটি প্রদেশে সরকারি কার্ড কার্যকর হতে দুই থেকে তিন মাস লাগে। অন্টারিও ও অ্যালবার্টায় এখন এমন অপেক্ষা নেই, তবে অন্টারিওতে আন্তর্জাতিক শিক্ষার্থীরা সরকারি OHIP পান না; তাঁদের ভরসা বিশ্ববিদ্যালয়ের বীমা।

কার্ড না আসা পর্যন্ত মানুষ কার্যত সুরক্ষাহীন থাকেন। এ সময় হঠাৎ অসুস্থ হলে বা দুর্ঘটনা ঘটলে নিজের পকেট থেকে অনেক টাকা খরচ হতে পারে। তাই মাসে ৫০ থেকে ২০০ কানাডীয় ডলার খরচ করে একটি সাময়িক ব্যক্তিগত বীমা নিয়ে রাখা বুদ্ধিমানের কাজ।

বীমায় কী মেলে, কী মেলে না

সরকারি স্বাস্থ্য কার্ড সাধারণত চিকিৎসকের পরামর্শ, হাসপাতালে ভর্তি, অস্ত্রোপচার ও প্রয়োজনীয় ল্যাব পরীক্ষার খরচ বহন করে। কিন্তু অনেক জরুরি সেবা এর আওতায় পড়ে না।

যেমন দাঁতের চিকিৎসা, চোখের পরীক্ষা ও চশমা, ফিজিওথেরাপি এবং হাসপাতালের বাইরে প্রেসক্রিপশনের ওষুধ; অ্যাম্বুলেন্সের খরচও অনেক প্রদেশে পুরো বা আংশিক নিজেকে দিতে হয়। সরকারি কার্ড থাকলেও ফার্মেসি থেকে ওষুধ কিনতে সাধারণত নিজের পকেট থেকে টাকা দিতে হয়। দাঁতের সামান্য সমস্যা বা একবার অ্যাম্বুলেন্স ডাকার খরচই জমানো টাকা শেষ করে দিতে পারে। তাই সম্পূরক বীমা থাকা খুব দরকার।

দীর্ঘ অপেক্ষার বাস্তবতা ও চিকিৎসার সঠিক জায়গা

বীমা থাকলেই সঙ্গে সঙ্গে চিকিৎসক দেখানো যাবে—কানাডায় এমন ভাবা ভুল। চিকিৎসকের ঘাটতি আর রোগীর চাপের কারণে সাধারণ চিকিৎসকের রেফারেল থেকে বিশেষজ্ঞের চিকিৎসা পর্যন্ত মানুষকে গড়ে প্রায় ২৫.৬ সপ্তাহ অপেক্ষা করতে হয়।

কানাডায় চিকিৎসা সাধারণত শুরু হয় একজন ফ্যামিলি ডাক্তারের মাধ্যমে। কিন্তু অনেক ফ্যামিলি ডাক্তার নতুন রোগী নিচ্ছেন না, তাই তাঁদের খুঁজে পেতেই সময় লাগে। সাধারণ জ্বর, সর্দি বা কাশিতে হাসপাতালের জরুরি বিভাগে না গিয়ে ওয়াক-ইন ক্লিনিক, কমিউনিটি হেলথ সেন্টার বা শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লিনিকে যাওয়াই ভালো।

তবে বুকে ব্যথা, তীব্র শ্বাসকষ্ট বা গুরুতর আঘাতের মতো জীবনসংশয়ী অবস্থায় দ্বিধা না করে ৯১১ নম্বরে ফোন করতে হবে এবং জরুরি বিভাগে যেতে হবে। বীমা নিয়ে অনিশ্চয়তার কারণে জরুরি চিকিৎসায় দেরি করা মোটেও ঠিক নয়। এ ছাড়া বেশির ভাগ প্রদেশে ৮১১ নম্বরে ফোন করে বিনামূল্যে নার্সের পরামর্শ নেওয়া যায়।

দীর্ঘস্থায়ী রোগ ও ভাষার সমস্যা

যাঁদের ডায়াবেটিস বা অ্যাজমার মতো দীর্ঘস্থায়ী রোগ আছে, কিংবা যাঁদের সঙ্গে শিশু বা প্রবীণ সদস্য আছেন, তাঁদের শুরু থেকেই ওষুধের ব্যবস্থা ও নিয়মিত চিকিৎসা নিশ্চিত করতে হবে।

নতুন দেশে এসে অনেকে চিকিৎসকের কাছে ইংরেজিতে নিজের সমস্যা গুছিয়ে বলতে পারেন না। তাই শারীরিক সমস্যা, উপসর্গ ও ওষুধের নাম আগে থেকে কাগজে লিখে রাখা ভালো। প্রয়োজনে ক্লিনিকের দোভাষী বা পরিচিত কারও সাহায্য নেওয়া যায়।

মনের যত্ন

নতুন দেশে একাকিত্ব, পরিবারের জন্য মন খারাপ, পড়াশোনার চাপ আর আর্থিক অনিশ্চয়তায় অনেকে মানসিকভাবে ভেঙে পড়েন। আমাদের সমাজে মানসিক সমস্যা নিয়ে কথা বলতে অনেকে দ্বিধা করেন, তাতে সমস্যা আরও বাড়ে।

কানাডার প্রায় সব বিশ্ববিদ্যালয়ে এবং প্রদেশে বিনামূল্যে মানসিক স্বাস্থ্য পরামর্শ ও কাউন্সেলিং সেবা আছে। শরীরের মতোই মনের যত্নও সমান জরুরি।

সংকটের আগেই যা করণীয়

দেশ ছাড়ার আগে: যে প্রদেশে যাচ্ছেন, সেখানকার নিয়ম জেনে নিন। শিক্ষাপ্রতিষ্ঠানের বীমা কবে থেকে কার্যকর, তা নিশ্চিত করুন। সাময়িক বীমা নিন এবং আগের প্রেসক্রিপশন ও টিকার কাগজপত্র সঙ্গে রাখুন।

কানাডায় পৌঁছে: সরকারি স্বাস্থ্য কার্ডের আবেদন দ্রুত করুন, নিজের বীমা কার্ড সংগ্রহ করুন। কোন সেবা বীমার বাইরে তা জেনে নিন এবং বাসার কাছের ক্লিনিক ও ফার্মেসি চিনে রাখুন।

বিপদে পড়ে ছোটাছুটি করার চেয়ে আগে থেকে প্রস্তুত থাকা অনেক বেশি নিরাপদ। সামান্য সচেতনতাই আপনাকে অপ্রয়োজনীয় খরচ ও মানসিক চাপ থেকে বাঁচাবে এবং প্রবাসে নতুন জীবনকে সুরক্ষিত রাখবে।

আব্দুল্লাহ সাকিব মারুফ: সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী; অভিবাসন নীতি নিয়ে কাজ করছেন।

Read this report in English · ইংরেজি সংস্করণ