কুষ্টিয়ায় টানা বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ, ক্ষতির মুখে কৃষি

প্রতিবেদন:

·

, , , , ,

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও টানা বৃষ্টিতে কুষ্টিয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া হালকা ও মাঝারি বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। একই সঙ্গে মাঠে পাকা আমন ধান, কাটা ফসল ও পেঁয়াজের বীজতলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

সরেজমিনে দেখা গেছে, বৃষ্টির কারণে সড়ক, ফুটপাত ও বাজারে মানুষের উপস্থিতি কমে গেছে। এতে কর্মহীন হয়ে পড়েছেন অনেক দিনমজুর, ভ্যানচালক ও ক্ষুদ্র ব্যবসায়ী। কমেছে তাঁদের দৈনন্দিন আয়ও।

ফুটপাতের ব্যবসায়ী লিটন বলেন, বৃষ্টির কারণে সকাল থেকে কোনো বেচাকেনা নেই। ভ্যানচালক রাশিদুল বলেন, রাস্তায় যাত্রী নেই, তাই আয়ও হচ্ছে না। একই দুর্ভোগের কথা জানিয়েছেন বিসমিল্লাহ কসমেটিকসের ব্যবসায়ী আমির হোসেন খসরুল।

শনিবার (২১ নভেম্বর) কুমারখালী উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মাঠে কেটে রাখা ধানের আঁটি ও খড় বৃষ্টির পানিতে ভিজে রয়েছে। কোথাও কোথাও জমে থাকা পানিতে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে কাটা ধান। এতে পাকা ফসল ঘরে তোলা নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা।

এদিকে কুষ্টিয়ার মাঠে মাঠে এখন পাকা আমন ধান। অনেক কৃষক ইতোমধ্যে ধান কাটা ও মাড়াই শুরু করেছেন। পাশাপাশি চলছে পেঁয়াজের বীজ বপনের প্রস্তুতি ও বীজতলার পরিচর্যা। এমন সময়ে টানা বৃষ্টিতে ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

কৃষক লাল্টু ফরায়েজি বলেন, মাঠে ধান পেকে গেছে, কাটার সময় হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে ধান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। পেঁয়াজের বীজতলাও ক্ষতিগ্রস্ত হতে পারে।

অন্যদিকে বৃষ্টির কারণে বাজারে ক্রেতার উপস্থিতি কমলেও কয়েক ধরনের সবজির দাম বেড়েছে। বেগুন, ফুলকপি ও ধনেপাতাসহ বেশ কিছু সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। সবজি বিক্রেতা রসো ও বাবু জানান, বৃষ্টি অব্যাহত থাকলে বাজারে সবজির সরবরাহ কমে দাম আরও বাড়তে পারে।

কুমারখালী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপের কারণে শনিবার সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

Read this report in English · ইংরেজি সংস্করণ