যশোরের ঐতিহ্যবাহী ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য খেজুর গুড় সংগ্রহের মৌসুম শুরু হয়েছে। চলতি মৌসুমে জেলাটিতে অন্তত ১০০ কোটি টাকার খেজুরের রস ও গুড় উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এ মৌসুমে গাছ থেকে রস সংগ্রহ, গুড় তৈরি ও বিপণন ঘিরে প্রায় ৩০ হাজার নারী-পুরুষের মৌসুমি কর্মসংস্থান হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যশোরে খেজুর গুড়ের ঐতিহ্য প্রায় ৪০০ বছরের পুরোনো।
তবে বাণিজ্যিকভাবে খেজুরের গুড় উৎপাদন এবং তা থেকে চিনি তৈরির প্রচলন শুরু হয় ১৭৯০ সালের দিকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৭৯২ সালে খেজুর গুড় থেকে উৎপাদিত চিনি ইউরোপে রপ্তানি শুরু করে।
সে সময় ব্রিটিশ ব্যবসায়ী মিস্টার নিউ হাউজ চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের তাহেরপুরে ভৈরব ও কপোতাক্ষ নদের সংযোগস্থলে একটি বড় চিনিকল স্থাপন করেন। এখনো সেখানে নদীর পাড়ে চিনিকলের ধ্বংসাবশেষ রয়েছে।
১৮৬০ থেকে ১৮৯০ সাল পর্যন্ত খেজুর গুড় থেকে চিনি উৎপাদন ও রপ্তানির স্বর্ণযুগ ছিল। এ সময় চৌগাছার চিনিকলে উৎপাদিত চিনি কলকাতা বন্দর দিয়ে ইউরোপে রপ্তানি করা হতো।
তবে আখ থেকে চিনি উৎপাদন শুরু হলে খেজুর গুড় থেকে চিনি তৈরির কার্যক্রম বন্ধ হয়ে যায়। সময়ের সঙ্গে হারিয়ে যেতে থাকে এ অঞ্চলের ঐতিহ্যবাহী শিল্প। বর্তমানে আখের উৎপাদন কমে যাওয়া এবং খেজুর গুড়ের চাহিদা বাড়ায় আবারও এ পণ্যের সম্ভাবনা তৈরি হয়েছে। স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে খেজুর গুড়ের চাহিদা বাড়ছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।
খেজুর গুড়ের উৎপাদন বাড়াতে গাছিদের গাছ কাটার সরঞ্জাম দেওয়া, বিনামূল্যে প্রশিক্ষণ, খেজুরের চারা বিতরণ এবং অনলাইনে গুড় বিক্রির জন্য তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবাসহ বিভিন্ন সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ।
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, প্রধানমন্ত্রী যশোরের খেজুর গুড় উৎপাদনের বিষয়ে খোঁজখবর রাখছেন। কৃষিমন্ত্রী চৌগাছা উপজেলাকে বিশেষ কৃষি অঞ্চল হিসেবে ঘোষণা করেছেন। চলতি মৌসুম থেকে খেজুর গুড় বিদেশে রপ্তানির বিষয়ে সরকার কার্যকর উদ্যোগ নেবে।
তিনি আরও বলেন, একজন উদ্যোক্তা খেজুরের রস থেকে সিরাপ তৈরি করে চলতি মৌসুমেই বিদেশে রপ্তানির উদ্যোগ নিয়েছেন।
কৃষি অধিদপ্তরের উপপরিচালক জাহিদুল ইসলাম বিশ্বাস বলেন, খেজুর গুড় যশোর জেলার একটি জিআই পণ্য। শীত মৌসুমে এ অঞ্চলের হাজার হাজার নারী-পুরুষের কর্মসংস্থান হয়। মধ্যপ্রাচ্যে খেজুর গুড়ের ব্যাপক চাহিদা রয়েছে। সরকার গুড় রপ্তানির উদ্যোগ নিচ্ছে। বিদেশে রপ্তানি করা সম্ভব হলে গাছিরা আরও বেশি লাভবান হবেন।
চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বর্ণি গ্রামের গুড় উৎপাদনকারী গাছি মিজানুর রহমান বলেন, শীতকাল তার পরিবারের জন্য আশীর্বাদ হয়ে আসে। এ সময় রস ও গুড় বিক্রি করে সংসারের খরচ মেটানোর পাশাপাশি ভালো পরিমাণ অর্থ সঞ্চয় করতে পারেন।
তিনি জানান, বিশেষ পদ্ধতিতে পরিশ্রম করে এক ধরনের সাদা গুড়ের পাটালি তৈরি করেন তিনি। বাজারে প্রতি কেজি এ গুড় ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি হয়। এই গুড় বিদেশে রপ্তানির জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
চলতি মৌসুমে নতুন গাছি হিসেবে কাজ শুরু করেছেন জামলতা গ্রামের শিমুর সরদার। তিনি বলেন, এ বছর প্রায় ৮০টি খেজুরগাছ থেকে রস সংগ্রহ শুরু করেছেন। মৌসুমের শুরুতেই গুড় ও পাটালির ভালো অর্ডার পাচ্ছেন। এতে ভালো আয়ের আশা করছেন তিনি।
সিংহঝুলি গ্রামের গাছি রবিউল ইসলাম খান বলেন, খেজুরগাছ একটি লাভজনক কৃষিসম্পদ। এ গাছের পরিচর্যায় তেমন খরচ হয় না। অথচ একটি গাছ থেকে প্রতি মৌসুমে অন্তত ৩ হাজার টাকার রস ও গুড় পাওয়া সম্ভব।
স্নাতক পাস করা এই গাছি আরও বলেন, সরকার বৃহত্তর যশোর অঞ্চলের খেজুরের রস ও গুড়কে শিল্প হিসেবে বিবেচনা করে সঠিক পরিকল্পনা নিলে চিনি আমদানিতে বিপুল অর্থ সাশ্রয় করা সম্ভব।
চৌগাছা উপজেলার ফুলসারা গ্রামের ক্ষুদ্র উদ্যোক্তা আতাউর রহমান বলেন, তিনি গাছিদের কাছ থেকে গুড় সংগ্রহ করে ভোক্তাদের কাছে বিক্রি করেন। কয়েক বছর ধরে এ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। পুরো শীত মৌসুমে এ ব্যবসা থেকে ভালো আয় হয়।
চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম বলেন, খেজুর গুড় উৎপাদনকারী গাছিদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। দেশ-বিদেশে এ পণ্যের পরিচিতি ও বাজার সম্প্রসারণে প্রতি বছর গুড় মেলার আয়োজন করা হয়।
চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হুসাইন জানান, উপজেলায় প্রায় দুই লাখ খেজুরগাছ রয়েছে। এর মধ্যে অন্তত ৩০ হাজার গাছ থেকে রস সংগ্রহ করা সম্ভব। একটি গাছ থেকে প্রতি মৌসুমে প্রায় ৮০ লিটার রস পাওয়া যায়। এই রস থেকে প্রায় ১০ কেজি গুড় উৎপাদন করা সম্ভব।
তিনি বলেন, এ হিসাবে চৌগাছা উপজেলায় প্রতি মৌসুমে প্রায় ৯ কোটি টাকার খেজুর গুড় উৎপাদিত হয়। আর পুরো যশোর জেলায় চলতি মৌসুমে অন্তত ১০০ কোটি টাকার খেজুর গুড় উৎপাদনের সম্ভাবনা রয়েছে।
খেজুর গুড়কে যশোরের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার আবেদনের সঙ্গে যুক্ত ছিলেন চৌগাছা উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা এবং বর্তমানে খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ইরুফা সুলতানা। তিনি বলেন, খেজুর গুড় যশোরের ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এ পণ্যের জিআই স্বীকৃতি অর্জন তাঁর জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।
তিনি আরও বলেন, এ স্বীকৃতি যশোরের ঐতিহ্যকে দেশ-বিদেশে তুলে ধরার পাশাপাশি খেজুরগাছি ও গুড় উৎপাদনকারীদের অর্থনৈতিক সম্ভাবনা বাড়াবে। এই ঐতিহ্য সংরক্ষণ, পণ্যের গুণগত মান নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বাজারে পরিচিতি বাড়ানো এখন গুরুত্বপূর্ণ লক্ষ্য হওয়া উচিত।
খেজুর গুড়ের চাহিদা বাড়ার বিষয়ে চৌগাছা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমী বলেন, চিনির তুলনায় খেজুর গুড়ে বিভিন্ন খনিজ উপাদান ও আয়রন রয়েছে। এতে থাকা আয়রন হিমোগ্লোবিন তৈরিতে ভূমিকা রাখতে পারে। পাশাপাশি এতে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তবে খেজুর গুড়েও শর্করা থাকে, তাই পরিমিত পরিমাণে খাওয়াই ভালো।
Read this report in English · ইংরেজি সংস্করণ
