আদিতমারীতে ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, নিহত মাদরাসাছাত্র

প্রতিবেদন:

·

, , , , ,

লালমনিরহাটের আদিতমারীতে ট্রাকের ধাক্কায় এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার চার যাত্রী। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সাপটিবাড়ী ইউনিয়নের খাতাপাড়া মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান (১১) উপজেলার ভাদাই ইউনিয়নের দক্ষিণ বত্রিশ হাজারী এলাকার জাহিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি অটোরিকশা গন্তব্যের উদ্দেশে যাওয়ার পথে খাতাপাড়া মাজার এলাকায় পৌঁছালে বুড়িমারীগামী একটি ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে হাবিবুর রহমান ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।

আহতরা হলেন—সদর উপজেলার মনিকা (১৬), মনোরঞ্জন (৯০) ও বুলু মিয়া (২৬) এবং আদিতমারী উপজেলার প্রিয়াঙ্কা রানী (২৮)।

আদিতমারী থানার ওসি নাজমুস সাকিব জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Read this report in English · ইংরেজি সংস্করণ