চুয়েটে সর্বাত্মক অসহযোগের ডাক

প্রতিবেদন:

·

,

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য শেখ শরীফুল আলমের নিয়োগের প্রতিবাদে এবং পূর্বঘোষিত দাবি আদায়ের লক্ষ্যে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত পূর্ণ কর্মবিরতির পাশাপাশি এ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তিনটি সংগঠন।

সোমবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও স্টাফ অ্যাসোসিয়েশনের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে এক যৌথ বিবৃতিতে কর্মসূচির বিষয়টি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বহিরাগতদের সহায়তায় নবনিযুক্ত উপাচার্যের ক্যাম্পাসে প্রবেশের ঘটনাকে তিনটি সংগঠন ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। এ ঘটনাকে কেন্দ্র করে কোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে এর সম্পূর্ণ দায়ভার উপাচার্যকে বহন করতে হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্বঘোষিত দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত সব দায়িত্ব পালন থেকে বিরত থাকার পাশাপাশি পূর্ণ কর্মবিরতি ও সর্বাত্মক অসহযোগ কর্মসূচি চলবে।

নবনিযুক্ত উপাচার্য শেখ শরীফুল আলমের নিয়োগের প্রতিবাদ এবং সাবেক উপাচার্য আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েটে আন্দোলন করছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ। এ আন্দোলনের প্রভাবে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

Read this report in English · ইংরেজি সংস্করণ