কেশবপুরে একই দিনে দুই বৃদ্ধের আত্মহত্যা

প্রতিবেদন:

·

, , , , ,

বিডি গ্লোবাল ডেস্ক,

যশোরের কেশবপুরে বার্ধক্যজনিত অসুস্থতা ও শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে দুই বৃদ্ধ আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ ও হাসপাতাল সূত্র। শুক্রবার রাতে উপজেলার পৃথক গ্রামে এ ঘটনা ঘটে। তাঁদের একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান। অপরজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার পাঁচপোতা গ্রামের মৃত হাজারি লাল দাসের ছেলে পঞ্চানন দাস (৭০) এবং কড়িয়াখালী গ্রামের ছবেদ আলি গাজীর ছেলে রুহল কুদ্দুস (৬০)।

হাসপাতাল ও থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পেটের ব্যথা সহ্য করতে না পেরে পঞ্চানন দাস ঘরে থাকা ঘাস মারার বিষ পান করেন। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে ওই রাতেই তাঁকে কেশবপুর সরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তাঁর মৃত্যু হয়।

অন্যদিকে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কড়িয়াখালী গ্রামের নিজ বাড়ির রান্নাঘরে আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন রুহল কুদ্দুস। শনিবার সকালে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে কেশবপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক রেহেনেয়াজ জানান, রোগযন্ত্রণা সহ্য করতে না পেরে পঞ্চানন দাস ও কুদ্দুস আত্মহত্যা করেছেন।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুজনের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাঁদের মরদেহ দাফন ও সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।এ,আর

Read this report in English · ইংরেজি সংস্করণ