বিডি গ্লোবাল ডেস্ক,
সিলেট নগরীতে কিশোর গ্যাং, মাদক, ছিনতাই ও জুয়া নিয়ন্ত্রণে বিশেষ অভিযান জোরদার করেছে মহানগর পুলিশ (এসএমপি)।
রোববার (৪ অক্টোবর) রাত থেকে বুধবার (৭ অক্টোবর) রাত পর্যন্ত টানা চার দিনের অভিযানে ২২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৬৪ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। বাকি ১৬১ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) এসএমপি জানায়, নগরীর বিভিন্ন এলাকায় প্রতি রাতে বিশেষ এই অভিযান চালানো হচ্ছে। গ্রেফতারদের মধ্যে কোতোয়ালি মডেল থানায় ৬৮ জন, জালালাবাদ থানায় ২৬ জন, এয়ারপোর্ট থানায় ২৮ জন, দক্ষিণ সুরমা থানায় ৭০ জন, মোগলাবাজার থানায় ১৯ জন ও শাহপরান (রহ:) থানায় ১৬ জন রয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দু’জনকে শাস্তি দেয়া হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: সাইফুল ইসলাম বলেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান চলবে। পাশাপাশি নগরীর অপরাধ নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান চলবে। এ,আর
Read this report in English · ইংরেজি সংস্করণ
