বিডি গ্লোবাল ডেস্ক,
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম গোলচত্বরে শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে চোরাই ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ আন্তঃজেলা চোরচক্রের আট সদস্যকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে যমুনা সেতু পশ্চিম গোলচত্বরে চেকপোস্ট বসিয়ে শ্যামলী পরিবহনের বাসে অভিযান চালানো হয়। এ সময় ওই আটজনকে আটক করে তাদের কাছ থেকে ৯৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলো- চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার সৈয়দপাড়া গ্রামের আলামিন (৩০), পাঠানপাড়া গ্রামের ইসরাফিল রহমান (২৭), বাকলিয়া থানার সিএমপি বাকলিয়া গ্রামের আক্কাস আলী (৩৫), পটিয়া থানার ইসমাইল ফয়েজ রোডের মো. রিদয় (৩৪), নরসিংদীর রায়পুর থানার চর মদিনানগর গ্রামের মো. ইমরান (৩০), ব্রাহ্মণবাড়িয়ার ক্রসবা থানার চকবাস মোল্লাবাড়ী গ্রামের ইয়াসিন আরাফাত (৩৮), কুমিল্লার চান্দিনা থানার নওয়াতপুর গ্রামের মো. রবিউল (৩৩) এবং মুরাদনগর থানার কামাল্লা গ্রামের আলাউদ্দিন (২৫)।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, বুধবার সকাল ৮টার দিকে সংঘবদ্ধ একটি চোরচক্র বগুড়ার ধুনটের মাসুদ টেলিকমের শাটার কেটে দোকানে ঢুকে ৯৪টি মোবাইল ফোন চুরি করে। পরে তারা শ্যামলী পরিবহনের বাসে করে ঢাকার উদ্দেশে রওনা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানা পুলিশ, সিরাজগঞ্জ হাইওয়ে পুলিশ ও যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের সমন্বিত দল যমুনা সেতু পশ্চিম গোলচত্বরে চেকপোস্ট বসায়। পরে শ্যামলী পরিবহনের বাসটিতে তল্লাশি চালিয়ে আটজনকে আটক ও তাদের কাছ থেকে চুরি যাওয়া ৯৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ জানায়, জব্দ করা মোবাইল ফোন ও আটক ব্যক্তিরা বর্তমানে যমুনা সেতু পশ্চিম থানা হেফাজতে রয়েছেন। এ ঘটনায় ধুনট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের ধুনট থানায় হস্তান্তর করা হবে। এ,আর
