গলাচিপায় ১৩৫ লিটার চোলাই মদসহ বাবা-ছেলে আটক

বিডি গ্লোবাল ডেস্ক,

পটুয়াখালীর গলাচিপায় পুকুর পাড়ে লুকিয়ে রাখা ড্রাম ভর্তি ১৩৫ লিটার দেশীয় চোলাই মদসহ বাবা-ছেলেকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার পানপট্টি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গ্রামর্দ্দন এলাকা থেকে এই মদ উদ্ধার করা হয়।

আটকরা হলেন মো: আল আমিন মীর (৫০) ও তার ছেলে মো: রাব্বি মীর (৩০)। এ সময় রাব্বি মীরের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাবা-ছেলে গোপনে দেশীয় মদ তৈরি ও বিক্রি হয়ে আসছিলেন। সোমবার স্থানীয় এলাকাবাসী তাদের বাড়িতে মাদক থাকার সন্দেহে তল্লাশি করলে একপর্যায়ে বাড়ি সংলগ্ন পুকুরপাড়ের দক্ষিণ পাশে মাটির নিচে ড্রাম দেখতে পান। পরে ড্রামের ভেতর বিপুল পরিমাণ চোলাই মদ পাওয়া যায়। বিষয়টি পুলিশকে জানানো হলে গলাচিপা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বাবা-ছেলে নিজেরাই কাঁচামাল সংগ্রহ করে খুচরা ও পাইকারি পর্যায়ে বিক্রির উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে দেশীয় চোলাই মদ তৈরি করে আসার কথা স্বীকার করেছেন।

এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইমতিয়াজ আহম্মেদ জানান, চোলাই মদসহ আটক করা বাবা-ছেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এরকম মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। এ,আর