বাংলাদেশ-ভারত বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে বিটুবি টাস্কফোর্স গঠনের তাগিদ

বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শুল্ক-অশুল্ক বাধা দূরীকরণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ আর জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পাওয়ানকুমার তুলশিদাস বাধে।

এসময় দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে বিটুবি টাস্কফোর্স গঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন ডেপুটি হাইকমিশনার। তিনি জানান, টাস্কফোর্স গঠনের প্রক্রিয়াকে গতিশীল করতে তার দপ্তর দুই দেশের সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা অব্যাহত রেখেছে। এ বিষয়ে এফবিসিসিআইর নেতৃত্বে বাংলাদেশের বেসরকারি খাতের সহযোগিতা আহ্বান করেন তিনি।

ভারতীয় ডেপুটি হাইকমিশনার জানান, এই মুহূর্তে দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। ইন্ডিয়ান হাইকমিশন দৈনিক প্রচুর সংখ্যক ভিসা ইস্যু করছে বলেও জানান তিনি।

এফবিসিসিআইর প্রশাসক জানান, বাংলাদেশ-ইন্ডিয়া দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ক উন্নয়নে যৌথ টাস্কফোর্স গঠন ফলপ্রসূ ভূমিকা রাখতে পারে। উদীয়মান এবং সম্ভাবনাময় খাতসমূহে বিনিয়োগ ও বাণিজ্য এগিয়ে নিতে উভয় দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের যৌথভাবে কাজ করার আহ্বান জানান মো. ফজলুল হক।

Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।