হাটহাজারীতে ভয়াবহ আগুনে পুড়ল ৫ পরিবারের স্বপ্নের ঘর; ক্ষয়ক্ষতি ৪-৫ লাখ টাকা

বিডি গ্লোবাল ডেস্ক,

চট্টগ্রামের হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের তীব্রতায় আরও একটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সরকারহাট বাজারের পশ্চিম পাশে সোমপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবার হলো—মিলন দে, তপু দে, প্রভা রানী নাথ, তপন নাথ ও খোকন নাথের পরিবার।

স্থানীয়রা জানান, দুপুরে একটি বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় পাঁচ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় আরও একটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। পরে তাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মন্নান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মিটারের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে আনুমানিক ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।