জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে জুলাই র্যালি করেছে জামায়াতে ইসলামী। র্যালিটি আবাহনী মাঠের সামনে থেকে শুরু হয়ে জিগাতলা, সিটি কলেজ, কলাবাগান ও ধানমন্ডি ২৭ নম্বর সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আবাহনী মাঠে গিয়ে শেষ হয়।
র্যালিতে সমাজের বিভিন্ন শ্রেণিপেশার লোকজন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী জনসাধারণের ‘জান দেবো তবু জুলাই দেবো না’ স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
র্যালি শেষে ধানমন্ডি থানা জামায়াতের আমির মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুজাহিদুল ইসলাম শাহিনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও লইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও জোন পরিচালক অধ্যাপক নূর নবী মানিক।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশকে রক্ষা করতে হলে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। শহীদদের রক্তের বিনিময়ে পাওয়া এই চেতনাকে ধারণ করেই দেশ থেকে শোষণ ও ফ্যাসিবাদ দূর করে ইনসাফভিত্তিক সমাজ গঠন করতে হবে।
তারা আরো বলেন, শহীদদের রক্ত, বীর জনতা ও ছাত্রদের আত্মত্যাগ এ দেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। কোনো ষড়যন্ত্রই জুলাইয়ের অর্জনকে মুছে দিতে পারবে না।
Read this report in English · ইংরেজি সংস্করণ
