খাগড়াছড়িতে অস্ত্রসহ ৩ ইউপিডিএফ সদস্য আটক

প্রতিবেদন:

·

, , , ,

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফের প্রসীত গ্রুপ) তিন সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তাদের কাছ থেকে অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের রেখুং পাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের লক্ষ্যসিপাড়া গ্রামের থোয়াইগ্য মারমার ছেলে হ্লাপ্রুসাই মারমা (৩০), গুইমারা সদর ইউনিয়নের কলাপাড়ার সুমইল্লা চাকমার ছেলে তেজেন্দ্র চাকমা (২৭) এবং মানসিপাড়ার দূর্গ মোহন ত্রিপুরার ছেলে বিশ্ব ত্রিপুরা (২৮)।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, সাংগঠনিক কাজ শেষে তারা মাটিরাঙ্গার বাইল্যাছড়ি এলাকার রেখুং পাড়ায় এক ব্যক্তির বাড়িতে অবস্থান করছে এমন ‌গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা ক‌রে তাদের আটক করা হয়।

এ সময় আটকদের কাছ থেকে একটি দেশী একনলা বন্দুক,‌ দুই রাউন্ড গুলি, একটি বিদেশী পিস্তল, এক‌টি গুলি, এক‌টি চাকু, একটি পিস্তলের ম্যাগাজিন, তিনটি ব্যাগ, এক জোড়া জুতা এবং ১১ হাজার নগদ টাকা জব্দ করা হ‌য়।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকদের থানায় রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Read this report in English · ইংরেজি সংস্করণ