ক্যাটাগরি খাগড়াছড়ি

Khagrachhari district

  • লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে প্রান্তিক চাষীদের ২ দিনব্যাপী কৃষি প্রশিক্ষণ

    লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে প্রান্তিক চাষীদের ২ দিনব্যাপী কৃষি প্রশিক্ষণ

    বিডি গ্লোবাল ডেস্ক,

    দুর্গম পাহাড়ি এলাকার প্রান্তিক কৃষকদের কৃষিকাজে আরো দক্ষ ও স্বাবলম্বী করে তুলতে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের সার্বিক ব্যবস্থাপনায় এবং লক্ষ্মীছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহযোগিতায় দুই সপ্তাহব্যাপী কৃষি প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

    সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দুল্যাতলী ইউনিয়ন ও আশপাশের দুর্গম পাহাড়ি এলাকার ২০ প্রান্তিক কৃষকের অংশগ্রহণে এ কার্যক্রমের উদ্বোধন করেন দুল্যাতলী আর্মি ক্যাম্প কমান্ডার মেজর নাহিয়ান ইমতিয়াজ।

    এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন এবং দুল্যাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্রিলন চাকমা উপস্থিত ছিলেন।

    দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণে পাহাড়ি এলাকার বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে আধুনিক ও টেকসই কৃষি পদ্ধতি, ফসল উৎপাদন এবং কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে কৃষকদের হাতে-কলমে ধারণা দেয়া হবে।

    প্রশিক্ষণ শেষে কৃষকদের উৎসাহিত করতে তাদের মাঝে সনদপত্র, সার, বীজ ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হবে। দুর্গম পাহাড়ে নানা সীমাবদ্ধতার মধ্যেও কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করা প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়িয়ে এ উদ্যোগ তাদের কৃষি উৎপাদন ও স্বাবলম্বিতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

  • খাগড়াছড়িতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, নিহত ৩

    খাগড়াছড়িতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, নিহত ৩

    খাগড়াছড়ির পানছড়িতে উপজাতীয় আঞ্চলিক সশস্ত্র সংগঠনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার মধুমঙ্গল পাড়া এলাকায় দুই পক্ষের গোলাগুলিতে ৩ জন নিহত হয়েছে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফেরদৌস ওয়াহিদ। তিনি জানান ৩ জন নিহতের খবর আমরা পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।

  • পানছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি

    পানছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি

    খাগড়াছড়ির পানছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)।

    বুধবার দুপুরে লোগাং জোনের জোন কমান্ডার মো: রবিউল ইসলাম এ কর্মসূচির উদ্বোধন করেন।

    তিনি বলেন, প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লোগাং জোনের দায়িত্বপূর্ণ বিওপি, ক্যাম্প ও এলাকায় মোট আড়াই লাখ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

    তিনি আরো বলেন, দায়িত্বপূর্ণ এলাকার সব সম্প্রদায়ের মানুষের মধ্যে এসব চারা বিতরণ করা হবে। পাশাপাশি চারা রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার যথাযথ ব্যবস্থা করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

    কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে ৩ বিজিবির সহকারী পরিচালক মো: আব্দুল মতিন, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সুবেদার মেজর নাজমুলসহ সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।

  • খাগড়াছড়িতে গুলিবিদ্ধ ইউপিডিএফ নেতা আটক

    খাগড়াছড়িতে গুলিবিদ্ধ ইউপিডিএফ নেতা আটক

    খাগড়াছড়িতে প্রতিপক্ষের সাথে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ প্রসীত গ্রুপ) সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমাকে (৫০) গুলিবিদ্ধ অবস্থায় আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

    শুক্রবার (২৬ জুন) সকাল ৭টার দিকে গুইমারার দুর্গম হাফছড়ি ইউনিয়নের পাইনং পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ঝিমিত চাকমাকে উদ্ধারের পর মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করায় আইনশৃঙ্খলা বাহিনী।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দুর্গম পাইনং পাড়া এলাকায় দীর্ঘদিন থেকে চাঁদাবাজি, অপহরণসহ নানা অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করছে ইউপিডিএফ প্রসিত গ্রুপ। শুক্রবার সকাল ৭টার দিকে এলাকাটিতে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের সাথে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে উভয় পক্ষ পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা ঝিমিত চাকমাকে আটক করা হয়।

    গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোহরাওয়ার্দী বলেন, ঝিমিত চাকমা ইউপিডিএফের প্রসীত গ্রুপের সংগঠক। তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চাঁদাবাজি, অপহরণ ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।

    এদিকে, ইউপিডিএফের পক্ষ থেকে এক বিবৃতিতে ঝিমিত চাকমাকে সংগঠনটির গুইমারা উপজেলা সংগঠক হিসেবে দাবি করা হয়েছে। বিবৃতিতে সংগঠনটির জেলা সংগঠক অংগ্য মারমা তার মুক্তির দাবি জানিয়েছেন।

  • খাগড়াছড়িতে অস্ত্রসহ ৩ ইউপিডিএফ সদস্য আটক

    খাগড়াছড়িতে অস্ত্রসহ ৩ ইউপিডিএফ সদস্য আটক

    খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফের প্রসীত গ্রুপ) তিন সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তাদের কাছ থেকে অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

    বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের রেখুং পাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

    আটকরা হলেন গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের লক্ষ্যসিপাড়া গ্রামের থোয়াইগ্য মারমার ছেলে হ্লাপ্রুসাই মারমা (৩০), গুইমারা সদর ইউনিয়নের কলাপাড়ার সুমইল্লা চাকমার ছেলে তেজেন্দ্র চাকমা (২৭) এবং মানসিপাড়ার দূর্গ মোহন ত্রিপুরার ছেলে বিশ্ব ত্রিপুরা (২৮)।

    আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, সাংগঠনিক কাজ শেষে তারা মাটিরাঙ্গার বাইল্যাছড়ি এলাকার রেখুং পাড়ায় এক ব্যক্তির বাড়িতে অবস্থান করছে এমন ‌গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা ক‌রে তাদের আটক করা হয়।

    এ সময় আটকদের কাছ থেকে একটি দেশী একনলা বন্দুক,‌ দুই রাউন্ড গুলি, একটি বিদেশী পিস্তল, এক‌টি গুলি, এক‌টি চাকু, একটি পিস্তলের ম্যাগাজিন, তিনটি ব্যাগ, এক জোড়া জুতা এবং ১১ হাজার নগদ টাকা জব্দ করা হ‌য়।

    মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকদের থানায় রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

  • মহালছড়ি উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক জসিম গ্রেফতার

    মহালছড়ি উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক জসিম গ্রেফতার

    খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহালছড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

    মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম নিশ্চিত করে তিনি বলেন, আটক ব্যক্তিকে বিধি মোতাবেক আইনি প্রক্রিয়া শেষে খাগড়াছড়ি আদালতে সোপর্দ করা হয়েছে।

    ওসি আরও বলেন, জসিম উদ্দিনের বিরুদ্ধে মহালছড়ি থানায় একটি মামলা করা হয়। মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। বিভিন্নভাবে তথ্য সংগ্রহের পর গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম র‍্যাব ৭-এর সহযোগিতায় মহালছড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানার মোড় থেকে তাকে গ্রেফতার করে।

  • গোসল করতে নেমে এক ব্যক্তির মৃত্যু

    গোসল করতে নেমে এক ব্যক্তির মৃত্যু

    খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার ধুরং খালে গোসল করতে নেমে রশি কুমার চাকমা (৫০) নামে এক ব্যক্তি পানিতে ডুবে মারা গেছেন। শুক্রবার দুপুরে মহিষকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

    রশি কুমার চাকমা মহিষকাটা চাকমাপাড়া গ্রামের বাসিন্দা আনন্দ কুমার চাকমার ছেলে। স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে তিনি নেশাগ্রস্ত অবস্থায় খালে নামেন। দীর্ঘ সময় ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করলে কালাপানি স্লুইচ গেট এলাকায় তার মরদেহ পাওয়া যায়।

    ক্ষীছড়ি থানার ওসি হুমায়ুন কবীর বলেন, ঘটনার খবর পেয়েছেন, তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি।

  • মাটিরাঙ্গা সীমান্তে অস্ত্র উদ্ধার

    মাটিরাঙ্গা সীমান্তে অস্ত্র উদ্ধার

    খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি ভারতীয় পিস্তল, তাজা গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে পলাশপুর জোনের বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

    বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে আনুমানিক ১৩ কিলোমিটার উত্তর-পূর্বে মাটিরাঙ্গা থানাধীন গোমতি ইউনিয়নের বেহাদন্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় পিস্তল, দুই রাউন্ড তাজা অ্যামোনিশন এবং তিনটি হাসুয়া (দা) উদ্ধার করা হয়।

    বিজিবি জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির আনুমানিক বাজার মূল্য প্রায় এক লাখ টাকা। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ মাটিরাঙ্গা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

    এ বিষয়ে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহা. শাহীনূল ইসলাম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় অবৈধ অস্ত্র পাচার ও অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির সদস্যরা সর্বদা সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছেন এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • খাগড়াছড়ির গুইমারায় দুই একর জমিতে গাজা চাষ!

    খাগড়াছড়ির গুইমারায় দুই একর জমিতে গাজা চাষ!

    খাগড়াছড়ির গুইমারায় দুই একর জায়গাজুড়ে চাষ করা গাঁজা বাগানের সন্ধান পেয়েছে যৌথ বাহিনী।মঙ্গলবার ভোরে উপজেলার চৌধুরীপাড়া এলাকায় ওই গাঁজা বাগানে অভিযান পরিচালনা করা হয়। পরে বাগানের সব গাঁজার গাছ কেটে পুড়িয়ে ধ্বংস করা হয়।

    গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, বাগানটিতে আনুমানিক প্রায় ১০ কোটি টাকার গাঁজা উৎপাদন হতো। গুইমারা সদর ইউনিয়ন হলেও এলাকাটি দুর্গম। গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া তথ্য নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়। বাগানে দুই হাজারের মতো গাঁজার গাছ ছিল।

    গুইমারা থানার ওসি আরিফুর আমিন জানান, সকল গাছ কেটে পুড়িয়ে ফেলা হয়েছে। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। তদন্তের মাধ্যমে গাঁজা চাষের সঙ্গে সম্পৃক্তদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

  • খাগড়াছড়িতে, দুই চীনা নাগরিক আটক

    খাগড়াছড়িতে, দুই চীনা নাগরিক আটক

    খাগড়াছড়ির রামগড় উপজেলায় বিনা অনুমতিতে প্রবেশের অভিযোগে দুই চীনা নাগরিককে আটক করেছে পুলিশ। ১৪ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় রামগড় পৌরসভার বাজার এলাকার ইলিয়াছ হোসেনের মালিকানাধীন চারতলা ভবনের শীর্ষ তলা থেকে তাদের আটক করা হয়।

    আটক ব্যক্তিরা চীনা পাসপোর্টধারী জিয়াং ছেংথং ও টেং তংগু। তাদের কাছ থেকে ল্যাপটপসহ বেশ কয়েকটি প্রযুক্তিগত ডিভাইস জব্দ করেছে পুলিশ।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার চট্টগ্রামের কুমিরায় অবস্থিত অবর্না ক্ল্যাসিক নামের একটি অ্যালুমিনিয়াম কোম্পানির ফোরম্যান মো. রোকন উদ্দিনের মাধ্যমে তারা রামগড়ে আসেন। পরে কোনো বৈধ নথিপত্র ছাড়াই ৩০ হাজার টাকা অগ্রিম দিয়ে ইলিয়াছ হোসেনের ভবনটি ভাড়া নেন। বাড়ির মালিককে তারা জানান, সেখানে ইলেকট্রনিক সামগ্রীর গোডাউন করা হবে।

    রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন জানান, দুই চীনা নাগরিক পার্বত্য চট্টগ্রাম প্রবেশের নীতি অমান্য করে রামগড় প্রবেশ করেছেন।

    চট্টগ্রাম থেকে আসা বিটিআরসির প্রতিনিধি এবং পুলিশ যৌথভাবে তাদের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করছে। তাদের কাছে থাকা ডিভাইস সম্পর্কে তদন্ত করা হবে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

    ওসি আরও বলেন, চীনা নাগরিকরা দেড় মাস আগে বাংলাদেশে এসেছেন এবং চট্টগ্রামের খুলশী এলাকায় ছিলেন।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে প্রবেশের আগে বিদেশি নাগরিকদের অনুমতি নিতে হয়। কিন্তু চীনা নাগরিকদের কোনো অনুমতি ছিল না।