সোনারগাঁওয়ে ২ ভুয়া এসআরবি সদস্য আটক

বিডি গ্লোবাল ডেস্ক,

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুজন ভুয়া স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সদস্যকে আটক করেছে পুলিশ।

গত সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা অভিমুখী সড়কে পুলিশের চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।

ধারণা করা হচ্ছে, তারা এসআরবি সদস্য পরিচয় ব্যবহার করে প্রতারণা ও চাঁদাবাজি করে থাকেন।

আটক ব্যক্তিরা হলেন- ঝালকাঠির নলছিটি এলাকার মো: সোহেল (৩৫) ও গাজীপুরের জয়দেবপুর এলাকার মো: সাজ্জাদ হোসেন সোহাগ (৩০)।

পুলিশ জানায়, সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) চন্দন দের নেতৃত্বে সোমবার রাতে মেঘনা টোল প্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করা হয়। এ সময় দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়।

এ সময় তাদের কাছ থেকে চারটি কালো রঙের এসআরবির কটি, দুটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ, পিস্তলের একটি কভার ও এসআরবির একটি পরিচয়পত্র পাওয়া যায়।
পরিচয়পত্রটিতে ‘এমডি সুমন হোসাইন’ নামের এক কনস্টেবলের তথ্য রয়েছে বলে জানিয়েছেন পুলিশ। এ ছাড়া দুটি অ্যান্ড্রয়েড মুঠোফোন, ৯০টি প্লাস্টিকের টাই ও এফজেড-১ মডেলের একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, জব্দ করা সরঞ্জাম ব্যবহার করে ওই ব্যক্তিরা এসআরবি সদস্য পরিচয়ে প্রতারণা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তবে তারা কেউ এসআরবি সদস্য না। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে। এ,আর