লালমনিরহাটে মাদক, যৌতুক ও জুয়াসহ সব ধরনের সামাজিক অপরাধ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠন আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার এ র্যালির আয়োজন করে।
রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের সোহরাওয়ার্দী মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সদর উপজেলার কুলাঘাট হয়ে বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এর আগে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং আলোকিত লালমনিরহাটের প্রতিষ্ঠাতা আসাদুল হাবিব দুলু এমপি শহরের সোহরাওয়ার্দী মাঠে র্যালিটি উদ্বোধন করেন।
র্যালিতে জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক ও পুলিশ সুপার মো: আসাদুজ্জামানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং আলোকিত লালমনিরহাটের হাজারো স্বেচ্ছাসেবী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
র্যালি চলাকালে অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করেন। এ সময় তারা মাদককে না বলুন, যৌতুককে না বলুন এবং জুয়াকে না বলুন এ স্লোগানগুলোর মাধ্যমে জেলার সাধারণ মানুষের মাঝে সামাজিক অবক্ষয় রোধের মূল বার্তা পৌঁছে দেন। পুরো শহরজুড়ে এই আয়োজনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
সাইকেল র্যালি উদ্বোধনকালে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ‘একটি সুন্দর, মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার আন্দোলনটি ইতোমধ্যে জেলাজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে।’
মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ‘ব্যতিক্রমী ও জনসম্পৃক্ত সামাজিক আন্দোলনটি সরেজমিনে পর্যবেক্ষণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৯ নভেম্বর লালমনিরহাট সফরে আসছেন প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে জেলা প্রশাসন, স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রস্তুতি ও উদ্দীপনা বিরাজ করছে।’
Read this report in English · ইংরেজি সংস্করণ
