বিডি গ্লোবাল ডেস্ক,
নাটোরের বড়াইগ্রামে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উল্টে আব্দুর রাজ্জাক ব্যাপারী (৫০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার শ্রীরামপুর আইড়মারী-জোনাইল আঞ্চলিক সড়কের আব্দুল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গরু ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ব্যাপারী উপজেলার চান্দাই ইউনিয়নের ভান্ডারদহ গ্রামের মরহুম সাকিমুদ্দিন মিয়ার ছেলে।
চান্দাই ইউনিয়ন পরিষদ সদস্য সাহাবুল ইসলাম জানান, হতাহতরা চাটমোহরের হান্ডিয়াল হাট থেকে গরু কিনে একটি শ্যালো ইঞ্জিনচালিত ভটভটিতে করে বাড়িতে ফিরছিলেন। পথে জোনাইল এমএল উচ্চ বিদ্যালয় এলাকায় রাস্তায় কড়ই গাছ উপড়ে পড়ে সৃষ্ট হওয়া গর্তে চাকা পড়ে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা আব্দুর রাজ্জাক ব্যাপারী ঘটনাস্থলেই নিহত হন এবং অপর চারজন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ,আর
Read this report in English · ইংরেজি সংস্করণ
