নড়াইলে আ’লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের চিত্র বেশির ভাগ এআই নির্মিত : পুলিশ

প্রতিবেদন:

·

, , , , ,

নড়াইল-১ আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ দলটির নেতাকর্মী ও হিন্দুসহ অন্তত ৩০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।

তবে পুলিশ বলছে, বেশির ভাগ আগুনের ছবি, ভিডিও পূর্বের ধারণ করা অথবা এআই দ্বারা নির্মিত। এগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে গুজব ছড়ানো হচ্ছে।

হিন্দুদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানেও ভাঙচুর হয়নি। বেন্দারচর এলাকা ও আশপাশে কোনো হিন্দু পরিবার বসবাস করে না। বেন্দারচর থেকে হিন্দু অধ্যুষিত ঘোষপাড়ার দূরত্ব প্রায় চার কিলোমিটার।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকায় এই ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বুধবার (১৮ নভেম্বর) বিকেলে মোটরসাইকেলযোগে মিছিল বের করেন। মিছিলটি কালিয়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সন্ধ্যায় সাবেক এমপি কবিরুল হক মুক্তির বাড়ির সীমানা অতিক্রম করে সামনের দিকে যাচ্ছিল। এ সময় নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অতর্কিতভাবে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও জাসাসের কালিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল মোল্যাকে কুপিয়ে জখম করে। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেয়ার পথে তারা দু’জনই মারা যান।

নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আল মামুন শিকদার জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটছে মর্মে তথ্য প্রচার হচ্ছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

তিনি জানান, পূর্বে ধারণকৃত ও এআই দ্বারা নির্মিত ভিডিওচিত্র কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্ষুণ্ন করছে। ঘটনাস্থল বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই। পাশাপাশি হিন্দু সদস্যের কোনো পরিবারের ওপর বা কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেনি।

তিনি আরো জানান, বুধবার বিএনপির দুই নেতাকে হত্যার জের ধরে শুক্রবার বিকেলে ভুক্তভোগীদের বিক্ষুব্ধ আত্মীয়-স্বজন আকস্মিকভাবে বেন্দারচর গ্রামে একত্রিত হন। এ সময় তারা হত্যার ঘটনায় জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা করে চলে যান। তাৎক্ষণিকভাবে কালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। পরিস্থিতি স্বাভাবিক।

কালিয়া উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ হুমায়ুন কবির জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। এখন পরিবেশ স্বাভাবিক রয়েছে। তাৎক্ষণিক ক্ষতিগ্রস্থের পরিমাপ নিরূপণ করা সম্ভব হয়নি। তবে ভুক্তভোগীদের দাবি, অন্তত ৬০টি বাড়িঘর ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে কালিয়া পৌরসভার ঘোষপাড়ার গোপী ষোষ বলেন, আমাদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। আপনারা খোঁজ নিয়ে দেখেন, পুরো মিথ্যা কথা ফেসবুকে ছাড়ানো হয়েছে। বরং বিএনপির লোকজন আমাদের সব সময় দেখেশুনে রেখেছেন।

ঘোষপাড়ার বিমান ঘোষ বলেন, আমাদের এখানে কোনো আগুনের ঘটনা ঘটেনি। যেটা প্রচার করা হচ্ছে, তা মিথ্যা।

বৈশাখী ঘোষ বলেন, আমাদের ঘোষপাড়ায় কিছুই হয়নি। আমরা শান্তিতে আছি। ফেসবুকে যেটা প্রচার হয়েছে, সেটা মিথ্যা ছাড়া কিছুই না।

এদিকে, বেন্দারচর এলাকার ক্ষতিগ্রস্থরা বাড়িঘরে না থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু বলেন, কৃষকদল নেতা শাহিন মোল্যা ও জাসাস নেতা সোহেল মোল্যা হত্যাকাণ্ডের পর যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে আমরা দলীয় নেতাকর্মীদের নিয়ে সজাগ আছি। কালিয়া বাজারসহ সার্বিক পরিবেশ স্বাভাবিক রয়েছে।

তিনি আরো বলেন, হিন্দু ভাইদের কোনো বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করা হয়নি। ফেসবুকে অপপ্রচার করা হয়েছে। এছাড়া অন্যান্য বাড়িঘর ভাঙচুরের তথ্যও মিথ্যা। আমাদের দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। এসব কাল্পনিক, বিএনপিকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এসব করছে। আমরা এখনো শোকাহত।

নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যার পর আমরা দেখতে পেলাম কালিয়ায় বাড়িঘর ভাঙচুর নিয়ে কিছু গণমাধ্যম ও ফেসবুকে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। এসব ঠিক নয়। হয়ত কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি হিন্দু সম্প্রদায়সহ সবার জানমাল, ইজ্জত ও সম্মানের দায়িত্ব নিয়েছেন। এসব গুজব। নড়াইলকে আমরা নিরাপদ রাখতে চাই। নড়াইল কিন্তু গোপালগঞ্জ নয়।

Read this report in English · ইংরেজি সংস্করণ