রাঙামাটির লংগদুতে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) ও অধীনস্থ বিভিন্ন বিজিবি ক্যাম্প পরিদর্শন করেছেন রাঙামাটি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদ। এ সময় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুর্গম পাহাড়ি এলাকার ১২টি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারকে শিক্ষা ও চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন মানবিক অনুদান দেয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদ, বিএসপি, এএফডব্লিউসি, পিএসসি রাজনগর ব্যাটালিয়নের সদর দফতর, দায়িত্বপূর্ণ শিশকমুখ ও গুলশাখালী বিজিবি ক্যাম্প এবং শিশকমুখের পরিত্যক্ত সেনা ক্যাম্প পরিদর্শন করেন।
পরিদর্শনকালে রিজিয়ন কমান্ডারের উপস্থিতিতে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)-এর উদ্যোগে ১২টি অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে শিক্ষা ও চিকিৎসা সহায়তা, সোলার প্যানেলের সরঞ্জাম, সেলাই মেশিন, ঢেউটিন এবং নগদ অর্থ বিতরণ করা হয়।
বিজিবি জানায়, এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে দুর্গম পাহাড়ি অঞ্চলের অসহায় মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে বিজিবির পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
পরিদর্শনকালে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)-এর জোন অধিনায়ক, ৩৪ বীরের জোন অধিনায়ক এবং রাঙামাটি রিজিয়নের জিএসও-২ (ইন্ট) উপস্থিত ছিলেন।
Read this report in English · ইংরেজি সংস্করণ
