ইরানের হুমকির পর ব্রিটেনে অবস্থিত দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও মার্কিন সামরিক বিমান সরিয়ে নেয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। সোমবার সকালে আরএএফ মিলডেনহল ঘাঁটিতে থাকা মার্কিন বাহিনীর দুটি জ্বালানি সরবরাহকারী বিমান জার্মানিতে চলে যায়। পরে দিনের বিভিন্ন সময়ে ঘাঁটিতে থাকা আরো কয়েকটি জ্বালানি সরবরাহকারী বিমানও জার্মানি ও অন্যান্য স্থানে সরিয়ে নেয়া হয়।
ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান মঙ্গলবার (১০ নভেম্বর) জানায়, মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এর কয়েক সপ্তাহ আগে, সেপ্টেম্বরে ইরান-সংশ্লিষ্ট নিরাপত্তা হুমকির আশঙ্কায় আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নিয়েছিল ওয়াশিংটন।
মিলডেনহল ঘাঁটির বিরুদ্ধে ঠিক কী ধরনের হুমকি এসেছে, তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছিল বলে প্রতিবেদনে জানানো হয়।
ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য লুসি পাওয়েল বলেন, যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করা হয়। স্কাই নিউজকে তিনি বলেন, চলমান সামরিক অভিযান নিয়ে মন্তব্য করতে পারবেন না। তবে ঘাঁটিগুলোর নিরাপত্তা সব সময় পর্যালোচনায় রাখা হচ্ছে এবং প্রয়োজন হলে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘অন্য দেশের সামরিক তৎপরতা নিয়ে আমরা নিয়মিত কোনো মন্তব্য করি না। সামরিক কার্যক্রমের প্রয়োজন অনুযায়ী বিমান ও অন্যান্য সরঞ্জাম নিয়মিত এক স্থান থেকে অন্য স্থানে নেয়া হয়।’
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, মিলডেনহল ও আরএএফ লেকেনহিথ ঘাঁটির নিরাপত্তা সতর্কতার মাত্রা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। মিলডেনহল ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের নিরাপত্তা ব্যবস্থার দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা ‘ফোর্স প্রোটেকশন কন্ডিশন চার্লি’ জারি করা হয়েছে। গোয়েন্দা তথ্যে সন্ত্রাসী হামলার আশঙ্কা থাকলে এ সতর্কতা জারি করা হয়।
তবে ঘাঁটির ভেতরে বা আশপাশে নির্দিষ্ট কোনো হামলার হুমকি ছিল না বলে জানা গেছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তারও করা হয়নি। এতে ধারণা করা হচ্ছে, মার্কিন কর্তৃপক্ষের কাছে পাওয়া হুমকিটি ছিল সাধারণ ধরনের।
মার্কিন বিমানবাহিনীর এক মুখপাত্র বলেন, প্রশিক্ষণ ও বাস্তব সামরিক প্রয়োজনসহ বিভিন্ন কারণে বিমান এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে নেয়া হয়। মিত্র ও অংশীদার দেশগুলোর সাথে চুক্তির ভিত্তিতেই এসব দেশে মার্কিন সামরিক বিমান অবস্থান করে। তবে সামরিক অভিযানের নিরাপত্তার স্বার্থে বিমান সরানোর বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি।
এর আগে সেপ্টেম্বরে গ্লস্টারশায়ারে আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটির বাইরে হামলার পরিকল্পনার সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই ঘটনায় গ্রেফতার হওয়া ব্যক্তিদের বাইরে আরো দুজনকে পরে আদালতে হাজির হন। ২০২৩ সালের জাতীয় নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ওয়েস্টমিনস্টারের বাসিন্দা আবদুলকরিমের বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগ আনা হয়েছে। পুলিশ আগে দাবি করে, ওই সংস্থাটি ইরানের বলে তাদের ধারণা।
ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গত মাসে দাবি করেন, ফেয়ারফোর্ড ঘাঁটিতে তৎপরতা সম্ভবত ইরান থেকে সমন্বয় করা হয়েছিল।
তবে ঘাঁটিতে হামলার কোনো পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন যুক্তরাজ্যে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত। অন্যদিকে, ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী গত জুলাইয়ে বলেছিল, ফেয়ারফোর্ডসহ ইরানে হামলা চালাতে ব্যবহৃত যেকোনো সামরিক ঘাঁটিকে তাদের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করেছেন।
Read this report in English · ইংরেজি সংস্করণ
