কুমিল্লায় যুবদল নেতাকে পিটিয়ে হত্যা

বিডি গ্লোবাল ডেস্ক,

কুমিল্লা মহানগরীর ছত্রখিল এলাকায় কাউছার নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৬ অক্টোবর) গোমতী নদীর উত্তর পাড়ের ছত্রখিল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কাউছার কুমিল্লা মহানগরীর ৪ নম্বর ওয়ার্ডের কাপ্তান বাজার এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ছত্রখিল এলাকায় কাউছারের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায় হামলাকারীরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুমিল্লা ট্রমা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ধারণা, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে কী কারণে এবং কারা এ হামলা চালিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো: লুৎফর রহমান বলেন, যুবদল নেতা কাউছার মারা গেছেন বলে জেনেছি। এ ঘটনায় পুলিশের একাধিক টিম কাজ করছে। এ,আর

Read this report in English · ইংরেজি সংস্করণ