কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ে ৬ দোকানের ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রতিবেদন:

·

, , , , ,

কুড়িগ্রাম পৌর শহরের কলেজ মোড়ের দোয়েল চত্বর এলাকার দুটি কম্পিউটার ব্যবসাপ্রতিষ্ঠান, তিনটি ফুলের দোকান ও একটি চায়ের দোকানসহ ছয়টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। রোববার (১০ নভেম্বর) ভোররাত ৩টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

পুড়ে যাওয়া কম্পিউটার ব্যবসাপ্রতিষ্ঠান ও চায়ের দোকানের মালিক আলম মিয়ার দোকানের পাঁচটি পিসি, দুটি ফটোকপি মেশিন ও প্রিন্টার এবং চায়ের দোকানের ফ্রিজসহ সব মালামাল ও আসবাবপত্র পুড়ে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি ও তাঁর আশপাশের ব্যবসায়ীরা। সবকিছুই পুড়ে অঙ্গার হয়েছে। এতে আলম মিয়া নিঃস্ব হয়ে পড়েছেন। ঘুরে দাঁড়ানোর মতো কোনো পুঁজি নেই তাঁর হাতে। এ অবস্থায় আলম মিয়া মারাত্মকভাবে ভেঙে পড়েছেন।

ফুল ব্যবসায়ী আল আমিনের দোকানেরও একই অবস্থা বলে জানিয়েছেন স্থানীয় পিচ লাইব্রেরির ব্যবসায়ী মো. আমজাদ হোসেন।

জানা যায়, কলেজ মোড়ে অবস্থিত টিনশেডের দোকানগুলোতে ভোররাত ৩টার দিকে আগুন লাগে। এতে তিনটি ফুলের দোকান, দুটি কম্পিউটারের দোকান ও একটি চায়ের দোকান পুড়ে যায়। এতে ব্যবসায়ীরা মারাত্মক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিক তদন্তে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।