বিডি গ্লোবাল ডেস্ক,
চট্টগ্রামের আনোয়ারায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাসের সিলিন্ডার বিক্রির দায়ে চার ব্যবসায়ীকে মোট এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার কালাবিবির দিঘী ও চাতরী চৌমুহনী এলাকায় এ অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু জাফর মজুমদার।
অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় বিনিময় ট্রেডার্সের স্বত্বাধিকারী খোরশেম আলম (৪৪) ও সাদিম ট্রেডার্সের স্বত্বাধিকারী মো: সাদিম উদ্দিনকে (২৯) ৪০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এছাড়া চাতরী চৌমুহনী বাজারে গ্যাস সিলিন্ডারের ক্রয় রশিদ না থাকা ও বেশি দামে সিলিন্ডার বিক্রির অপরাধে জহির স্টোরের স্বত্বাধিকারী জহির উদ্দিন আহমদ (৪০) ও ইব্রাহিম স্টোরের স্বত্বাধিকারী ইব্রাহিমকে (৫৮) ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু জাফর মজুমদার জানান, জনস্বার্থে আনোয়ারা উপজেলায় নিয়মিত মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে। এ,আর
