সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, সাবেক মেয়র বেলাল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. রিপন হোসেন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাসিন বিন নূর।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উল্লাপাড়ার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার মোট ২৬ হাজার কৃষক এ প্রণোদনার আওতায় সরিষার বীজ ও রাসায়নিক সার পাবেন।
প্রত্যেক কৃষককে এক কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে।
কর্মসূচির প্রথম দিন মঙ্গলবার বাঙ্গালা, মোহনপুর, বড় পাঙ্গাসী, পূর্ণিমাগাতী ও সলপ ইউনিয়নের ১০ হাজার ৬০০ কৃষকের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে।
বুধবার (১১ নভেম্বর) উধুনিয়া, বড়হর, পঞ্চক্রোশী, দুর্গানগর ও কয়ড়া ইউনিয়নের ৯ হাজার ৫০ জন কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ করা হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাকি চারটি ইউনিয়ন ও পৌরসভার ৬ হাজার ৩৫০ জন কৃষকের মধ্যে কৃষি উপকরণ বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচি শেষ হবে।
Read this report in English · ইংরেজি সংস্করণ
