নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় সম্পদের তথ্য গোপন ও জালিয়াতির অভিযোগে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের এমপি আবদুল হান্নান মাসউদের পদ শূন্য বা বাতিল ঘোষণার নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট।
বিচারপতি শিকদার মাহমুদ রাজি ও বিচারপতি ফাতেমা আনোয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
এনসিপির এমপি হান্নান মাসউদের আইনজীবী জহিরুল ইসলাম মুসা সাংবাদিকদের জানান, আদালত রিট আবেদনটি ‘নট প্রেসড অ্যাজ বিইং রিজেক্টেড’ হিসেবে খারিজ করেছেন। হলফনামায় সম্পদের বিবরণীতে তথ্যের গরমিলের বিষয়টি ‘কোয়েশ্চন অব ফ্যাক্ট’ হওয়ায় হাইকোর্টে রিট আবেদনের মাধ্যমে তা নিষ্পত্তিযোগ্য নয় বলে আদালত পর্যবেক্ষণ দিয়েছেন।
তিনি বলেন, এ ধরনের বিষয় নিষ্পত্তির জন্য যথাযথ কর্তৃপক্ষ রয়েছে। কিন্তু আবেদনকারীরা সেই কর্তৃপক্ষের কাছে যাননি। সার্বিক বিষয় বিবেচনায় আদালত রিটটি খারিজ করেছেন।
হাতিয়া উপজেলার বাসিন্দা এবং ওই আসনের ভোটার নাজমুল হোসেন গত ১৯ আগস্ট এ রিট আবেদন করেন। এতে নোয়াখালী-৬ আসন শূন্য ঘোষণার নির্দেশনা, হান্নান মাসউদের এমপি পদ কেন বাতিল করা হবে না এবং তার বিরুদ্ধে কেন ব্যবস্থা ও তদন্তের নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়। পাশাপাশি নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে দেওয়া আবেদনগুলো নিষ্পত্তির নির্দেশনাও চাওয়া হয়।
Read this report in English · ইংরেজি সংস্করণ
