৯০ দিনের জ্বালানি মজুদ গড়তে বিপিসির উদ্যোগ

প্রতিবেদন:

·

,

বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা ও সম্ভাব্য সরবরাহ সংকট মোকাবিলায় ৯০ দিনের চাহিদার সমপরিমাণ জ্বালানি তেল মজুদের সক্ষমতা গড়ে তুলতে কাজ করছে সরকার। এ লক্ষ্যে বর্তমান ৬০ দিনের কৌশলগত মজুদ সক্ষমতা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৭১ দিনে এবং ২০২৭ সালের মধ্যে ৯০ দিনে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

রোববার (৮ নভেম্বর) বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজার স্থিতিশীল রাখতেই পর্যায়ক্রমে মজুদ সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বিপিসি চেয়ারম্যান জানান, মজুদ সক্ষমতা বাড়াতে সংরক্ষণ অবকাঠামো সম্প্রসারণ, নতুন ডিপো নির্মাণ, অব্যবহৃত ট্যাংক সংস্কার এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্বৃত্ত ট্যাংক ভাড়ায় নেওয়ার উদ্যোগ বাস্তবায়ন করছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসি। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো নতুন ট্যাংক নির্মাণ কিংবা পুরোনো ট্যাংক সংস্কার করলেও সামগ্রিক মজুদ সক্ষমতা বাড়বে। এতে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটলে তা মোকাবিলা করা সহজ হবে।

বিপিসি সূত্র জানায়, বিভিন্ন প্রতিষ্ঠানের অব্যবহৃত মজুদ অবকাঠামো ভাড়ায় নেওয়ার পরিকল্পনা রয়েছে।

পাশাপাশি বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্রগুলোর ৮২ হাজার ২০০ টন ধারণক্ষমতার সংরক্ষণ অবকাঠামো সংস্কার করে চালু করা হবে। বেসরকারি প্রতিষ্ঠান ওমেরার কাছ থেকে ৩০ হাজার টন ধারণক্ষমতার মজুদ সুবিধা ভাড়া নেওয়ার বিষয়টিও বিবেচনা করছে সংস্থাটি।

এ ছাড়া পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েলের খালি জায়গায় নতুন ডিপো ও ট্যাংক নির্মাণের প্রকল্প চলমান রয়েছে। এর মধ্যে পদ্মা অয়েলে ৯ হাজার ৫০০ টন ধারণক্ষমতার দুটি, মেঘনা পেট্রোলিয়ামে ১০ হাজার টন ধারণক্ষমতার তিনটি এবং যমুনা অয়েলে ৫৮ হাজার ৫০০ টন ধারণক্ষমতার নতুন সংরক্ষণ অবকাঠামো নির্মাণ করা হচ্ছে।

বর্তমানে দেশে ৬০ দিনের বেশি জ্বালানি তেল মজুদের সক্ষমতা রয়েছে। ডিসেম্বরের মধ্যে তা ৭১ দিনে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

জ্বালানি বিভাগের প্রক্ষেপণ অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে সব ধরনের জ্বালানি তেলের মোট চাহিদা ৮৪ লাখ ২৬ হাজার ৪০০ মেট্রিক টন। এর মধ্যে ডিজেলের চাহিদা ৪৪ লাখ ৭৩ হাজার টন। এ জ্বালানির মাসিক গড় চাহিদা ৩ লাখ ৭২ হাজার ৭৫০ টন।

এ ছাড়া ফার্নেস অয়েলের চাহিদা ৭ লাখ ৩৫ হাজার টন, জেট ফুয়েলের ৬ লাখ ৬৩ হাজার টন, অকটেনের ৪ লাখ ৩৯ হাজার ৯০০ টন এবং পেট্রোলের ৪ লাখ ৮৮ হাজার ৫০০ টন।

বিপিসির আওতাধীন পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েলসহ ছয়টি প্রতিষ্ঠানের মোট জ্বালানি তেল সংরক্ষণ সক্ষমতা ১৫ লাখ ৪৪ হাজার ৬৬ টন। এর মধ্যে ৬৭ হাজার ৬৩২ টন ধারণক্ষমতার অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ চলছে।

বিপিসির নিজস্ব সংরক্ষণ সক্ষমতায় বর্তমানে ডিজেল ৫৭ দিন, অকটেন ৪৬ দিন, পেট্রোল ২৯ দিন এবং ফার্নেস অয়েল ৭৮ দিনের মজুদ রাখা সম্ভব। তবে সামগ্রিক কৌশলগত জ্বালানি তেলের মজুদ সক্ষমতা ৯০ দিনে উন্নীত করাই সংস্থাটির লক্ষ্য।

জাতীয় জ্বালানি নীতি-১৯৯৬ অনুযায়ী, দেশে ৬০ দিনের কৌশলগত জ্বালানি তেল মজুদ রাখার বিধান রয়েছে। এ ছাড়া বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র, বাংলাদেশ রেলওয়ে ও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনসহ (বিআরটিসি) সরকারি প্রতিষ্ঠানগুলোর নিজস্ব কার্যক্রম পরিচালনার জন্য ১ লাখ ৪২ হাজার ২৯৮ টন ডিজেল এবং ১ লাখ ৭৮ হাজার ৪০০ টন ফার্নেস অয়েল সংরক্ষণের সক্ষমতা রয়েছে।

জ্বালানি বিশেষজ্ঞদের মতে, নতুন জমি অধিগ্রহণ করে দীর্ঘমেয়াদি অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের চেয়ে অব্যবহৃত ট্যাংক সচল করা বেশি সাশ্রয়ী ও বাস্তবসম্মত। কম ব্যবহৃত কেরোসিনের ট্যাংক ডিজেল সংরক্ষণের উপযোগী করা এবং বিদ্যুৎ খাত ও বাংলাদেশ রেলওয়ের উদ্বৃত্ত ট্যাংক কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন তাঁরা। সরকারের এ উদ্যোগকে সময়োপযোগী বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিকে সিলেটে পদ্মা অয়েল ডিপোর ১ হাজার ৩৭ টন ধারণক্ষমতার তিনটি জেট ফুয়েল ট্যাংক ডিজেল সংরক্ষণের উপযোগী করা হচ্ছে। ভৈরব বাজার ডিপোতে মোট ২ হাজার ১৬৫ টন ধারণক্ষমতার পাঁচটি ট্যাংক নির্মাণের কাজও চলছে।

Read this report in English · ইংরেজি সংস্করণ