গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন, সার সংকট ও ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ, এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি এবং গঙ্গা চুক্তিসহ বিভিন্ন বিষয়ে সংসদে আলোচনার জন্য নোটিশ দিয়েছে বিরোধী দল।
গঙ্গা চুক্তি নিয়ে আলোচনার জন্য সংসদের কার্যপ্রণালি বিধির ১৪৭ ধারায় নোটিশ দিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মীর আহমদ বিন কাশেম আরমান। গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন নিয়ে একই ধারায় নোটিশ দিয়েছেন দলটির আরেক সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন।
সার সংকট নিয়ে আলোচনার জন্য ৬৮ ধারায় নোটিশ দিয়েছেন বিরোধী জোটের পাঁচজন সংসদ সদস্য। এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি নিয়েও একই ধারায় নোটিশ দিয়েছে বিরোধী দল। এ ছাড়া ৬৮ ধারায় আলোচনার জন্য আরও তিনটি প্রস্তাব দেওয়া হবে বলে জানিয়েছেন বিরোধী দলের মুখপাত্র নাজিবুর রহমান।
প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে কী আলোচনা হয়েছে, তা নিয়ে সংসদে আলোচনা। এ বিষয়ে প্রস্তাব দেবেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনা নিয়ে আলোচনার প্রস্তাব দেবেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসাইন। রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনার প্রস্তাব দেবেন মীর আহমদ বিন কাশেম আরমান।
আগামী ১২ ডিসেম্বর ভারতের সঙ্গে করা গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এ পরিস্থিতি পর্যালোচনা এবং বাংলাদেশের পানির নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে সংসদে আলোচনা চেয়েছে বিরোধী দল। ১৪৭ ধারায় দেওয়া নোটিশ গৃহীত হলে সংসদে এ বিষয়ে আলোচনা হবে। আলোচনার সময়সীমা নির্ধারণ করবেন স্পিকার।
এদিকে ৬৮ ধারায় আলোচনার জন্য আরও দুটি প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। দেশের বিভিন্ন এলাকায় কৃষকদের প্রয়োজনীয় সার পেতে সংকট, কালোবাজারে অতিরিক্ত দামে সার বিক্রি, সার বিতরণ ব্যবস্থাপনায় অনিয়ম এবং সার ডিলার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগের প্রেক্ষাপটে সরকারের অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ চেয়েছেন জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ।
এলপিজি গ্যাসসহ অন্যান্য জ্বালানি পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, মূল্য নির্ধারণে গণশুনানি ও আইনানুগ প্রক্রিয়া অনুসরণ না করা এবং বাজারে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি নিয়ন্ত্রণে ব্যর্থতার বিষয়েও সংসদে আলোচনা চেয়েছেন ব্যারিস্টার মাহবুবুল আলম। এ বিষয়ে তিনি সরকারের অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দিয়েছেন।
৬৮ ধারায় কোনো প্রস্তাব গৃহীত হলে সাধারণত সংসদে এক ঘণ্টা আলোচনা হয়ে থাকে।
Read this report in English · ইংরেজি সংস্করণ
