সোনারগাঁওয়ে মেঘনায় মা ইলিশ সংরক্ষণে অভিযান, ১১ কেজি ইলিশসহ জাল জব্দ

প্রতিবেদন:

·

, , , , ,

বিডি গ্লোবাল ডেস্ক,

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১১ কেজি ইলিশ মাছসহ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা তিন ঘণ্টাব্যাপী সোনারগাঁওয়ের মেঘনা নদীর নুনেরটেক এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ড. আয়েশা সিদ্দিকা এই অভিযান পরিচালনা করেন। এ সময় তার নেতৃত্বে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালানো হয়। অভিযানে আনুমানিক ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এছাড়া ১১ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়।

পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধার হওয়া ১১ কেজি ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানা ও মাদরাসায় বিনামূল্যে বিতরণ করা হয়।

নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ড. আয়েশা সিদ্দিকা জানান, জাতীয় সম্পদ ইলিশ রক্ষা এবং ডিম ছাড়ার এই বিশেষ সময়ে ইলিশের বংশবৃদ্ধিতে বাধা সৃষ্টি করলে কোনো ছাড় দেয়া হবে না। মা ইলিশ সংরক্ষণে মেঘনা নদীতে এ ধরনের অভিযান ও মনিটরিং সার্বক্ষণিক অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তারসহ নৌ-পুলিশ সদস্যরা। এ,আর

Read this report in English · ইংরেজি সংস্করণ