বিডি গ্লোবাল ডেস্ক,
সিলেটের জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি করেছে মুখোশধারী একটি দল।
শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ৭ নম্বর বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল গ্রামে এ ঘটনা ঘটে।
ডাকাতরা প্রথমে মাস্টার জামাল আহমদের ঘরে ঢুকে পরিবারের সদস্যদের বেঁধে নগদ টাকা, স্বর্ণালংকার, মুঠোফোন ও সিসিটিভি ক্যামেরার সরঞ্জাম লুট করে। পরে তার ছোট ভাই ‘জকিগঞ্জ রাজমহল’-এর পরিচালক ব্যবসায়ী শামীম আহমদের ঘরে হানা দেয়। এ সময় বাধা দেয়ায় দুই ভাইকেই মারধর করে ডাকাতরা। গুরুতর আহত শামীম আহমদ বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবারের বরাতে পুলিশ ও বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু জানান, সাত থেকে ১০ জনের একটি মুখোশধারী ডাকাত দল প্রথমে জামাল আহমদের ঘরের কেচি গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর পরিবারের সদস্যদের বেঁধে পুরো ঘরে তল্লাশি চালায়।
এ সময় ডাকাতেরা ওই ঘর থেকে আনুমানিক চার থেকে পাঁচ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, চারটি মুঠোফোন এবং সিসিটিভি ক্যামেরার মনিটরসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে যায়। তবে লুট হওয়া নগদ টাকার পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পরে ডাকাত দলটি পাশের ঘরে শামীম আহমদের বাড়িতে প্রবেশ করে। ডাকাতদের প্রতিহত করার চেষ্টা করলে তাকে মারধর করে রক্তাক্ত জখম করা হয়। তার বড় ভাই জামাল আহমদকেও মারধর করে ডাকাতরা। গুরুতর আহত শামীম আহমদকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘর থেকে কী কী মালামাল লুট হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে খোঁজখবর নেয়। পরে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্যামুয়েল সাংমা ও জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরার ডিভাইসটি নিয়ে আসেন।
জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্যামুয়েল সাংমা ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে আমি ও ওসি সাহেব সরেজমিনে গিয়ে বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরার ডিভাইস নিয়ে এসেছি। পাসওয়ার্ড জানা না থাকায় ফুটেজ দেখতে পারছি না। বাড়ির মালিক শামীম আহমদের কাছে পাসওয়ার্ড রয়েছে। তিনি বর্তমানে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন। এ ঘটনায় পুলিশ যথেষ্ট তৎপর রয়েছে।’
একই রাতে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতির ঘটনায় উত্তরকুল গ্রামসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা ডাকাতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। এ,আর
Read this report in English · ইংরেজি সংস্করণ
