রাজারহাটে আমন ধান কাটার মৌসুমে পুরুষের পাশাপাশি কৃষিকাজে ব্যস্ত সময় পার করছেন নারীরা। সংসারের দৈনন্দিন দায়িত্ব সামলানোর পাশাপাশি মাঠে ধান কাটা ও মাড়াইয়ের কাজে অংশ নিয়ে পরিবারের উৎপাদন খরচ কমাতে ভূমিকা রাখছেন তাঁরা।
ফসলের মাঠজুড়ে এখন সোনালি আমনের পাকা ধান। সেই ধান ঘরে তুলতে সকাল থেকেই মাঠে নেমেছেন কৃষক ও শ্রমিকরা। পুরুষদের সঙ্গে নারীরাও সমানতালে ধান কাটা ও মাড়াইয়ের কাজে ব্যস্ত রয়েছেন।
কৃষক পরেশ চন্দ্র মোহন্ত জানান, তিনি ১৭০ শতক জমিতে আমন ধানের চাষ করেছেন। জমিগুলো নিজের না হওয়ায় উৎপাদন খরচ কমাতে স্ত্রী ও সন্তানদের নিয়ে নিজেই মাঠে কাজ করছেন। প্রতি শতক জমির ধান কাটতে শ্রমিককে ১০০ টাকা দিতে হয়। এর সঙ্গে মাড়াই ও পরিবহন খরচও রয়েছে। পরিবারের সদস্যরা একসঙ্গে কাজ করায় এসব ব্যয় কিছুটা কমানো সম্ভব হচ্ছে।
গৃহিণী রুপালী রাণী বলেন, তাঁরা দরিদ্র পরিবারের সদস্য। অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ করেন। এ কারণে সংসারের কাজের পাশাপাশি স্বামীকে সহযোগিতা করতে মাঠে এসেছেন। এতে শ্রমিকের খরচ বাঁচছে এবং সংসারের অন্যান্য প্রয়োজন মেটাতেও আর্থিক সাশ্রয় হচ্ছে।
পরেশ চন্দ্রের ছেলে সাগর মোহন্ত জানায়, পড়াশোনার পাশাপাশি বাবার কৃষিকাজে সহযোগিতা করছে সে। এতে পরিবারের উৎপাদন খরচ কমছে।
স্থানীয় কৃষক আব্দুল এহাব বলেন, আমন ধান ঘরে তোলার এই মৌসুমে নারী শ্রমিকদের অংশগ্রহণ কৃষিকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাঠের কাজের পাশাপাশি নারীদের সংসারের দায়িত্বও পালন করতে হয়। কৃষিতে তাঁদের শ্রম ফসল উৎপাদনের পাশাপাশি পরিবারের আর্থিক সচ্ছলতা বজায় রাখতেও সহায়তা করছে।
রাজারহাটের মাঠে এখন ধান কাটার কর্মযজ্ঞে পুরুষের পাশাপাশি নারীদের শ্রমও সমানভাবে যুক্ত হয়েছে। পরিবারের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় ঘরে উঠছে কৃষকের সারা বছরের পরিশ্রমের ফসল।
রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায় বলেন, উপজেলায় আমন ধান চাষের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আবাদ হয়েছে। এ মৌসুমে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১১ হাজার ৯৭০ হেক্টর। কৃষিকাজে পুরুষের পাশাপাশি নারীরাও এখন সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। পুরুষদের সঙ্গে নারীরা কৃষিকাজে যুক্ত হলে ফসল উৎপাদনে শ্রমিকের ব্যয় কমে আসে এবং কৃষক লাভবান হন।
