শ্রীপুরে বিকাশের টাকা ডাকাতি, ছাত্রলীগ নেতা ইমরানসহ গ্রেপ্তার ২

প্রতিবেদন:

·

, , , , ,

গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকা ডাকাতির ঘটনায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান শেখসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার অপর ব্যক্তি হলেন শ্রীপুরের কেওয়া চন্নাপাড়া এলাকার মো. রবিন আহম্মেদ (২২)। পুলিশ জানায়, গত ১৯ নভেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার গিয়াসনগর এলাকা থেকে ইমরান শেখকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২০ নভেম্বর শ্রীপুরের কেওয়া পশ্চিম খণ্ডের চন্নাপাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে রবিন আহম্মেদকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

গাজীপুরের পুলিশ সুপার মো. জসিম উদ্দিন জানান, গত ৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর থানার গোসিঙ্গা ইউনিয়নের নরসিংদী-মাওনাগামী আঞ্চলিক মহাসড়কে বিকাশের টাকা ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা ডিবির একটি দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ইমরান শেখকে শনাক্ত করে। পরে শ্রীমঙ্গল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার জানান, ইমরানের সংশ্লিষ্টতার সূত্র ধরে পরদিন শ্রীপুরে অভিযান চালিয়ে রবিন আহম্মেদকে আটক এবং ডাকাতির ঘটনায় ব্যবহৃত বলে উল্লেখ করা অস্ত্রটি উদ্ধার করা হয়। এ ঘটনায় রবিন আহম্মেদের বিরুদ্ধে ২০ নভেম্বর শ্রীপুর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। মামলার নম্বর ৩৭। এতে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ক) ধারা উল্লেখ করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ইমরান শেখের বয়স ২৪ বছর। তাঁর বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদক, মারামারি ও ডাকাতিসহ বিভিন্ন ঘটনায় সাতটি মামলা রয়েছে। অন্যদিকে রবিন আহম্মেদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকসংক্রান্ত তিনটি মামলা রয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুজনকে ডাকাতি ও অস্ত্রসংক্রান্ত মামলায় আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Read this report in English · ইংরেজি সংস্করণ