সংশোধনী (২৭ নভেম্বর ২০২৬): এই প্রতিবেদনের আগের সংস্করণে লেখা হয়েছিল, জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনার লক্ষ্য পিএম২.৫-এর মাত্রা প্রতি ঘনমিটারে ১৫ ও ৩০ মাইক্রোগ্রামে নামিয়ে আনা। প্রকৃত লক্ষ্য মাত্রাটি এই পরিমাণ কমানো। পরিকল্পনায় চিহ্নিত উৎসের তালিকায় ‘কারখানা’র জায়গায় ‘ইটভাটা’ হবে। দুটি ভুলই সংশোধন করা হয়েছে।
শীত নামতেই ঢাকার বায়ুদূষণ বাড়ছে; সূক্ষ্ম ধূলিকণা, যানবাহনের ধোঁয়া, কারখানার নির্গমন আর বর্জ্য পোড়ানোর দূষক প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে মানুষের শরীরে ঢুকছে।
কাজে বের হওয়া, সন্তানকে স্কুলে নেওয়া কিংবা জীবিকার জন্য ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় থাকা—ঢাকার মানুষের এই প্রতিদিনের কাজগুলোর সঙ্গে এখন যুক্ত হয়েছে এক অদৃশ্য স্বাস্থ্যঝুঁকি। দীর্ঘমেয়াদে এই দূষণ মারাত্মক রোগের কারণ হতে পারে।
শীতে পরিস্থিতি আরও খারাপ হয়। বৃষ্টি কমে যায়, আবহাওয়া শুষ্ক থাকে, আর দূষিত কণা বাতাসে জমে থাকে। ফলে বায়ুদূষণ এখন শুধু পরিবেশের সমস্যা নয়; এটি জনস্বাস্থ্য, নগর ব্যবস্থাপনা ও নাগরিকের জীবনমানের সংকট।
গবেষণায় দূষণের চিত্র
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় ও পরিবেশ রসায়ন গবেষণাগারের (এইসিআরএল) গবেষকেরা বাতাসের সূক্ষ্ম কণা, ভারী ধাতু ও দূষণের উৎস নিয়ে একাধিক গবেষণা প্রকাশ করেছেন।
এর একটি প্রকাশিত হয় ২০২৬ সালের জুনে, নেক্সট সাসটেইনেবিলিটি সাময়িকীতে। গবেষণাটিতে ঢাকার বাতাসের সূক্ষ্ম ও স্থূল কণায় থাকা ভারী ধাতু এবং তা থেকে মানুষের স্বাস্থ্যঝুঁকি মূল্যায়ন করা হয়েছে। এর সহলেখকদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুস সালাম।
গবেষণাটি দেখিয়েছে, বায়ুদূষণের ঝুঁকি শুধু ধুলা বা ধোঁয়ায় সীমাবদ্ধ নয়। বাতাসে মিশে থাকা কিছু রাসায়নিক উপাদানও স্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ।
২০২৬ সালে প্রকাশিত আরেকটি গবেষণায় ঢাকার পিএম২.৫-এর রাসায়নিক উপাদান ও উৎস বিশ্লেষণ করা হয়েছে। ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত সংগ্রহ করা নমুনায় দেখা গেছে, শীতে ঢাকায় পিএম২.৫-এর মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ২৪ ঘণ্টার নির্দেশিকার চেয়ে ১১ থেকে ১৫ গুণ বেশি ছিল।
গবেষকেরা দূষণের চারটি আলাদা উৎসও শনাক্ত করেছেন। তাঁদের ফলাফল বলছে, দূষণ নিয়ন্ত্রণে দৃশ্যমান ধোঁয়া-ধুলার পাশাপাশি অতি সূক্ষ্ম কণার রাসায়নিক গঠন ও উৎস জানাও জরুরি।
শীতে কেন বাড়ে দূষণ
বাংলাদেশে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বায়ুদূষণ সাধারণত বেশি থাকে। এ সময় বৃষ্টি কম হওয়ায় বাতাসে ভাসমান ধুলা সহজে সরে না। আবহাওয়ার কিছু পরিস্থিতিতে দূষিত কণা নিচের বায়ুস্তরে আটকে থাকে।
ঢাকার দূষণের বড় একটি উৎস অপরিকল্পিত নির্মাণকাজ ও রাস্তা খোঁড়াখুঁড়ি। অনেক নির্মাণস্থলে বালু, সিমেন্ট ও মাটি খোলা অবস্থায় রাখা হয়, আর সেগুলোর সূক্ষ্ম কণা বাতাসে ছড়িয়ে পড়ে।
এর সঙ্গে যোগ হয় পুরোনো ও ত্রুটিপূর্ণ যানবাহনের ধোঁয়া, কারখানার নির্গমন, ইটভাটার দূষণ এবং খোলা জায়গায় বর্জ্য পোড়ানো।
পরিবেশ অধিদপ্তরের জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনা ২০২৪–২০৩০-এ বৃহত্তর ঢাকার দূষণের উৎস বিশ্লেষণ করা হয়েছে। সেখানে গৃহস্থালির কঠিন জ্বালানি, বর্জ্য, রাস্তার ধুলা, বিদ্যুৎকেন্দ্র, ইটভাটা ও যানবাহনকে প্রধান উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ ঢাকার দূষণের দায় কোনো একটি খাতের নয়।
পিএম২.৫ কেন বিপজ্জনক
পিএম২.৫ হলো ২.৫ মাইক্রোমিটার বা তার চেয়ে কম ব্যাসের বস্তুকণা, যা মানুষের চুলের চেয়ে অনেক সরু। স্বাভাবিক শ্বাসের সঙ্গেই এই কণা ফুসফুসের গভীরে পৌঁছে যায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ব্যাখ্যা অনুযায়ী, এ ধরনের কণা রক্তপ্রবাহেও ঢুকতে পারে। দীর্ঘদিন এর সংস্পর্শে থাকলে শ্বাসতন্ত্রের সংক্রমণ, হৃদ্রোগ, স্ট্রোক ও ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বাড়ে।
সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশু, বয়স্ক মানুষ এবং আগে থেকে শ্বাসতন্ত্র বা হৃদ্রোগে ভোগা ব্যক্তিরা। দূষিত বাতাস শিশুদের ফুসফুসের বিকাশেও ক্ষতি করতে পারে।
ঝুঁকিতে রাস্তার শ্রমজীবী মানুষ
যাঁরা দিনের বড় অংশ বাইরে কাজ করেন, তাঁদের ঝুঁকি বেশি। ট্রাফিক পুলিশ, রিকশাচালক, নির্মাণশ্রমিক, ডেলিভারিকর্মী ও ফুটপাতের ছোট ব্যবসায়ীরা প্রতিদিন দীর্ঘ সময় দূষিত বাতাসে থাকেন।
দূষণ বেশি থাকলেও নিম্ন আয়ের অনেক পরিবারের পক্ষে কাজ বন্ধ রাখা বা নিরাপদ জায়গায় সরে যাওয়া সম্ভব নয়। ফলে দূষণের ক্ষতি সবাই বহন করলেও তা থেকে নিজেকে বাঁচানোর সুযোগ সবার সমান নয়।
সরকারের লক্ষ্য ও বাস্তবায়ন
বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকার ২০২৪ সালে জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনা ২০২৪–২০৩০ প্রকাশ করে। এতে প্রধান উৎসগুলো নিয়ন্ত্রণ, বায়ুমান পর্যবেক্ষণ জোরদার এবং বিদ্যমান পরিবেশ আইন প্রয়োগের ওপর জোর দেওয়া হয়েছে।
পরিকল্পনার লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে বার্ষিক গড় পিএম২.৫ সারা দেশে প্রতি ঘনমিটারে ১৫ মাইক্রোগ্রাম এবং বৃহত্তর ঢাকায় ৩০ মাইক্রোগ্রাম কমানো।
এই লক্ষ্যে পৌঁছাতে নির্মাণস্থলে ধুলা নিয়ন্ত্রণ, বর্জ্য পোড়ানো বন্ধ, পুরোনো যানবাহনের নির্গমন নিয়ন্ত্রণ এবং কারখানায় পরিবেশ-নিয়ম মানা নিশ্চিত করতে হবে। শুধু জরিমানা বা সাময়িক অভিযানে তা সম্ভব নয়; দরকার নিয়মিত পর্যবেক্ষণ, আইনের কার্যকর প্রয়োগ এবং সরকারি সংস্থাগুলোর সমন্বয়।
পরিকল্পনার মেয়াদ শেষ হতে বাকি চার বছরের কিছু বেশি। তত দিনে ঢাকার বাতাস নিরাপদ মাত্রার কাছাকাছি আনতে হলে বাস্তবায়নের গতিই হবে মূল পরীক্ষা।
Read this report in English · ইংরেজি সংস্করণ
