মাসের শুরুতেই বেতন পাওয়ার দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের। দায়িত্ব নেওয়ার পর শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মাসের শুরুতেই বেতন দেওয়ার উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। ছয় মাসের মধ্যেই সেই উদ্যোগ বাস্তবায়ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মাউশি সূত্র জানায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বুধবার বেতনের ডাটা আইবাসে পাঠানো হবে। সব প্রক্রিয়া শেষ হলে বৃহস্পতিবার (১ অক্টোবর) শিক্ষক-কর্মচারীরা সেপ্টেম্বরের বেতন-ভাতা পেতে পারেন।
মাউশির এক কর্মকর্তা বলেন, ‘শিক্ষামন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মাসের শুরুতেই বেতন দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আশা করছি, এবার ১ অক্টোবরই শিক্ষকরা বেতন-ভাতা পাবেন।’
এর আগে আগস্ট মাসের বেতন-ভাতা ৩ সেপ্টেম্বর পেয়েছিলেন প্রায় পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী। মাসের শুরুতে বেতন পাওয়ায় বাড়িভাড়া, সন্তানদের শিক্ষা ব্যয়সহ অন্যান্য খরচ পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা সহজ হবে বলে জানিয়েছেন শিক্ষক-কর্মচারীরা।
