মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সুখবর দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রতিবেদন:

·

, ,

মালয়েশিয়াগামী বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্ধারিত মেডিকেল সেন্টারের তালিকা আগামীকাল (সোমবার) প্রকাশ করা হবে এবং চলতি মাসের শেষ দিকেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ সুখবর দেন।

সংসদে এক সংসদ সদস্য মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুনির্দিষ্ট সময়সীমা, মেডিকেল সিন্ডিকেট এবং সরকারি নির্ধারিত ১ লাখ ৫৪ হাজার টাকার পরিবর্তে বাজারে ৭ থেকে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ তুলে ধরেন। একইসঙ্গে তিনি বিষয়টি তদারকির জন্য আলাদা সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দেন।

জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী স্পিকারের মাধ্যমে সংসদকে জানান, আগামীকালই (সোমবার) মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করা হবে। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, চলতি নভেম্বর মাসের শেষ দিকেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী গমন শুরু হবে।

অভিবাসন ব্যয় ও অনিয়ম প্রসঙ্গে মন্ত্রী স্পষ্ট জানান, সরকার মালয়েশিয়া যাওয়ার জন্য ১ লাখ ৫৪ হাজার টাকা অভিবাসন ব্যয় নির্ধারণ করেছে। নির্ধারিত এই সরকারি রেটের বাইরে কেউ অতিরিক্ত অর্থ আদায় বা কোনো ধরনের অনিয়ম করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

Read this report in English · ইংরেজি সংস্করণ