চৌগাছা (যশোর) প্রতিনিধি
ঝিনাইদাহের মহেশপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে নুর মহম্মদ (৫০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে মহেশপুর উপজেলার পুড়াহুদা মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জসিম উদ্দিনসহ ৪-৫ জন জড়িত বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনেরা।
নিহত নুর মহম্মদ যশোরের চৌগাছা উপজেলার মান্দারতলা পাড়ার বাসিন্দা। তিনি মৃত বীর মুক্তিযোদ্ধা হানেফ আলী বিশ্বাসের ছেলে।
নিহতের বড় ছেলে রনি, স্থানীয় প্রতিবেশী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে জমি বিক্রির টাকা নিয়ে ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুড়াহুদা গ্রামের লুৎফর রহমান ও তাঁর ছেলে জসিমের কাছে নুর মহম্মদের টাকা পাওনা ছিল। একই মাঠে তাঁদের চাষাবাদ ছিল। ঘটনার দিন মাঠে তাঁদের দেখা হলে নুর মহম্মদ জসিমের কাছে পাওনা টাকা চান। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জসিমের হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে নুর মহম্মদকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে তাঁর মৃত্যু হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
Read this report in English · ইংরেজি সংস্করণ
