ক্যাটাগরি ঝিনাইদহ

Jhenaidah district

  • কোটচাঁদপুরে মাদ্রাসা শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন

    কোটচাঁদপুরে মাদ্রাসা শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন

    বিডি গ্লোবাল ডেস্ক,

    ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার দুধসরা এলাকার দারুল উলুম মাদ্রাসাতুস সুফফাহর প্রধান শিক্ষক আবুল বাশারের গ্রেপ্তারের প্রতিবাদ ও তাঁর মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

    বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পৌর এলাকার দুধসরা বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে বক্তারা বলেন, এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক আবুল বাশারের বিরুদ্ধে করা মামলা ও গ্রেপ্তারের ঘটনা মিথ্যা ও ভিত্তিহীন বলে তারা মনে করেন। অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান তারা।

    বক্তারা আরও বলেন, তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সেদিকেও প্রশাসনকে গুরুত্ব দিতে হবে। তদন্ত শেষ হওয়ার আগে কাউকে সামাজিকভাবে হেয় না করার আহ্বান জানান তারা।

    মানববন্ধনে মাওলানা আমানুল্লাহ, মাওলানা ইব্রাহিম, মুফতি জসিম উদ্দিন, হাফেজ আলী আজম, মাওলানা নুরুল কবির, মুফতি মোহাম্মদ ইসমাইল ও মাওলানা আব্দুল কাদের বক্তব্য দেন।

    বক্তারা প্রধান শিক্ষক আবুল বাশারের মুক্তির দাবি জানিয়ে বিষয়টি দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্তের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

    মানববন্ধনে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • মহেশপুরে জামাইয়ের লাঠির আঘাতে মামাশ্বশুর নিহত

    মহেশপুরে জামাইয়ের লাঠির আঘাতে মামাশ্বশুর নিহত

    বিডি গ্লোবাল ডেস্ক,

    ঝিনাইদহের মহেশপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে ভাগ্নিজামাই লুৎফরের লাঠির আঘাতে মামাশ্বশুর রবিউল ইসলাম (৫২) নিহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মহেশপুর উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত রবিউল ইসলাম ওই গ্রামের মরহুম আমিন উদ্দিন মৃধার ছেলে।

    পুলিশ ও স্বজনরা জানায়, শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে রবিউলের ছেলে ও তার আত্মীয় লুৎফরের ছেলের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে লুৎফর ক্ষিপ্ত হয়ে রবিউলের ছেলেকে মারধর করার জন্য হাতে লাঠি নিয়ে বাড়ি থেকে বের হন।

    একপর্যায়ে রবিউল ইসলাম সামনে এসে বাধা দিলে লুৎফর তাকে লক্ষ্য করে সজোরে লাঠি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আঘাত করার পরপরই অভিযুক্ত লুৎফর ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

    পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর পথেই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত লুৎফর পলাতক রয়েছেন।

    মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আজাদ রহমান জানান, শিশুদের খেলাধুলার সামান্য বিবাদ থেকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত লুৎফর আত্মগোপনে রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে বাড়িঘরে লুটপাট-ভাঙচুর, আহত ১২

    শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে বাড়িঘরে লুটপাট-ভাঙচুর, আহত ১২

    বিডি গ্লোবাল ডেস্ক,

    সামাজিক আধিপত্য বিস্তার ও রাজনৈতিক দ্বন্দ্বের জের ধরে ঝিনাইদহের শৈলকূপায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে দোকানপাটসহ ৬টি বাড়ি ভাঙচুর ও লুট করা হয়েছে। শনিবার সকালে বগুড়া ইউনিয়নের দলিলপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে শিশুসহ উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।

    এলাকাবাসী সূত্রে জানা গেছে, বগুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা রাকিবুল ইসলাম খান দিপু এবং বগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জামির হোসেনের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

    আহতদের ঝিনাইদহ সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

    শৈলকূপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দলিলপুর গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

  • সারের দাবিতে শৈলকূপায় কৃষকদের সড়ক অবরোধ

    সারের দাবিতে শৈলকূপায় কৃষকদের সড়ক অবরোধ

    বিডি গ্লোবাল ডস্কে,

    ঝিনাইদহের শৈলকূপায় রাসায়নিক সারের দাবিতে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করেছেন স্থানীয় কৃষকরা। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার গাড়াগঞ্জ বাজারে এ বিক্ষোভের ঘটনা ঘটে।

    স্থানীয় কৃষকরা জানান, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে তারা সার সংগ্রহের উদ্দেশ্যে গাড়াগঞ্জ পুরাতন বাজারের সার ডিলার ‘মেসার্স শুভ এন্টারপ্রাইজ’-এ যান।

    এ সময় ডিলারের লোকজন সার দিতে অস্বীকৃতি জানান।

    এতে বিক্ষুব্ধ হয়ে কৃষকরা তাৎক্ষণিকভাবে গাড়াগঞ্জ-শৈলকূপা সংযোগ সড়কে গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করেন।

    প্রায় এক ঘণ্টাব্যাপী এ অবরোধের কারণে ওই সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে গন্তব্যমুখী সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। পরবর্তীতে খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং সার সরবরাহের সুনির্দিষ্ট আশ্বাস দিলে কৃষকরা অবরোধ তুলে নেন।

    ঘটনার সত্যতা স্বীকার করে শৈলকূপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, সার নিয়ে কিছুটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলেও প্রশাসনের দ্রুত পদক্ষেপের মাধ্যমে সমস্যার সমাধান করা হয়েছে। পরে কৃষকরা সার পেয়ে সড়ক অবরোধ প্রত্যাহার করে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

  • ঝিনাইদহে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ২০

    ঝিনাইদহে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ২০

    বিডি গ্লোবাল ডেস্ক,

    ঝিনাইদহের কালীগঞ্জে গড়াই পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ থেকে ৫ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা বিভিন্ন ক্লিনিক ও সেবাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

    শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কেয়াবাগান এলাকায় ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

    পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে কুষ্টিয়া থেকে গড়াই পরিবহনের যাত্রীবাহী বাসটি খুলনার উদ্দেশে রওনা হয়। পথে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কেয়াবাগান এলাকায় পৌঁছালে বাসটির সামনের চাকার এক্সেল ভেঙে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়।

    এ সময় বাসে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

    আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যরা বিভিন্ন ক্লিনিক ও স্থানীয় সেবাকেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

    কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেল হোসেন বাসসকে বলেন, দুর্ঘটনার শিকার বাসটি উদ্ধারের কাজ চলছে। আহত যাত্রীদের অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। ৪ থেকে ৫ জন গুরুতর আহত হয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

  • শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষিকার মৃত্যু

    শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষিকার মৃত্যু

    ঝিনাইদহের শৈলকুপায় চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে আহত স্কুলশিক্ষিকা রাবেয়া খাতুনের মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    নিহত রাবেয়া খাতুন উপজেলার নাদপাড়া যুব মিলন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। তিনি নাদপাড়া গ্রামের বাসিন্দা ও কাতলা গাড়ি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো: কবির উদ্দিন বিশ্বাসের স্ত্রী।

    প্রত্যক্ষদর্শী ওয়াজেদ আলী মেম্বার জানান, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া থেকে আসার পথে বাঁশগ্রাম নামক স্থানে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন স্কুলশিক্ষিকা রাবেয়া খাতুন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তার মৃত্যু হয়।

    এই ব্যাপারে শৈলকূপা থানার তদন্ত কর্মকর্তা শাকিল আহমেদ জানান, সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসরত অবস্থায় মোসা: রাবেয়া খাতুন নামে নাদপাড়া স্কুলের এক শিক্ষিকা মারা গেছে বলে শুনেছি।

  • মহেশপুরে বিজিবির অভিযান : আটক ৪

    মহেশপুরে বিজিবির অভিযান : আটক ৪

    মনিরুজ্জামান মহেশপুর (ঝিনাইদহ)

    চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে পৃথক পৃথক অভিযান চালিয়ে ভারতীয় গাঁজা, ওষুধ এবং অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে চারজন বাংলাদেশীকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

    শুক্রবার (২৮ আগস্ট) এ তথ্য জানিয়েছেন ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।

    তিনি জানান, ২৮ আগস্ট ভোর আনুমানিক ৫টার সময় মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ গয়েশপুর বিওপির সুবেদার মো: আব্দুর রাজ্জাকের নেতৃত্বে সীমান্ত পিলার-৬৮/৪-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের উত্তরপাড়া মাঠের একটি আমবাগানে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে আসামিবিহীন ৮৩০ গ্রাম ভারতীয় গাঁজা এবং ৪ হাজার ৩৬০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ১৩ লাখ ৫ হাজার টাকা।

    অন্যদিকে, গত ২৭ আগস্ট রাত আনুমানিক সাড়ে ১১টায় খোসালপুর বিওপির হাবিলদার মো: আব্বাস হোসেনের নেতৃত্বে অপর এক বিশেষ টহল দল সীমান্ত পিলার-৬০/৮০-আর হতে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোসালপুর গ্রামের একটি কলাবাগানে অভিযান চালায়। সেখান থেকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১ পুরুষ, ১ নারী এবং ২ জন তৃতীয় লিঙ্গের সদস্য রয়েছেন।

    আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনি পদক্ষেপের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিজিবি-৫৮-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।

  • নির্ধারিত সময়ে ইউএনও না আসায় অসন্তোষ

    নির্ধারিত সময়ে ইউএনও না আসায় অসন্তোষ

    কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

    ঝিনাইদহের কোটচাঁদপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম হোসাইনের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের নির্ধারিত মতবিনিময় সভা নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। নির্ধারিত সময়ে ইউএনও উপস্থিত না থাকায় অপেক্ষার পর সাংবাদিকরা সভাস্থল ত্যাগ করেন। পরে ইউএনও সেখানে উপস্থিত হন।

    বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ ঘটনা ঘটে।

    সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিকেল ৩টায় মতবিনিময় সভার সময় নির্ধারণ করা হয়। সাংবাদিকরা নির্ধারিত সময়ের আগেই সভাস্থলে উপস্থিত হন। কিন্তু নির্ধারিত সময়ে ইউএনও না আসায় তারা সভাস্থল ত্যাগ করেন। এ সময় তারা জানতে পারেন, একই কক্ষে বিকেল সাড়ে ৩টায় কৃষি বিভাগের একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে ৩টা ২৪ মিনিটের দিকে ইউএনও সভাকক্ষে উপস্থিত হন।

    কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আপেল বলেন, নির্ধারিত সময়ে ইউএনও উপস্থিত না হওয়ায় সাংবাদিকরা সভা বর্জন করেন।

    তবে ইউএনও শামীম হোসাইন বলেন, “তারা সভা বর্জন করেছেন—এটা আপনাদের কাছ থেকেই জানলাম। আমার জানামতে, তারা অন্য একদিন সময় চেয়েছেন।”

  • মহেশপুর  ক্যাশলেস বাংলাদেশ বিনির্মানে মতবিনিময় সভা 

    মহেশপুর  ক্যাশলেস বাংলাদেশ বিনির্মানে মতবিনিময় সভা 

    মোঃ মনিরুজ্জামান মহেশপুর (ঝিনাইদাহ)

    ঝিনাইদহের মহেশপুর উপজেলার সকল তফসিলি ব্যাংকের আয়োজনে এক দেশ এক QR লেনদেনে বাংলা QR ক্যাশলেস, বাংলাদেশ বিনির্মানে বাংলা QR বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

    বৃহস্পতিবার বিকালে উপজেলা অডিটোরিয়াম এ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের খুলনা জয়েন্ট ডিরেক্টর (জেডি) মোঃ সোহানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহেশপুর ইসলামী ব্যাংকের সহকারী অফিসার (আরডিএস) পিএলসি মোঃ রফিকুল ইসলাম। মহেশপুর সোনালী ব্যাংকের পিএলসি এজিএম মোঃ মোস্তাফিজুর রহমান, ঝিনাইদহ জোনাল অফিস ও অগ্রনী ব্যাংকের পিএলসি মোঃ মোজাহারুল ইসলাম। ঝিনাইদহ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি,এসএ ভিপি ও ব্যবস্থাপক মোঃ রুহুল আমীন। অনুষ্ঠান বক্তারা QR লেনদেনে বাংলা QR ব্যবহার করে সহজেই অর্থ লেনদেন করা যায় এবং QR app ব্যবহার করে গ্রাহক র্চাজ ছাড়া সহজেই অর্থ লেনদেন করতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন মহেশপুর ইসলামী ব্যাংকের ম্যানেজার মোঃ জামাল হোসেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ ব্যাংক খুলনা।

    এ.আর

  • শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

    শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

    বিডি গ্লোবাল ডেস্ক,

    ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

    বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার মাধবপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

    এলাকাবাসীর সূত্রে জানা গেছে, সকালে মাধবপুর গ্রামের অমর ভৌমিক ও তার স্ত্রী মীনাক্ষী রানী ঘাস কাটা মেশিনে ঘাস কাটতে গেলে বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

    স্থানীয় মুকুল নামের এক ব্যক্তি জানান, গরুর ঘাস কাটার মেশিনে বিদ্যুৎ সংযোগ সব জায়গায় ছড়িয়ে পড়ায় তারা স্বামী-স্ত্রী বিদ্যুৎস্পৃষ্টে দু’জনের মৃত্যু হয়।

    এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, মাধবপুর গ্রামে ঘাস কাটা মেশিনের সাথে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রী দু’জনের মৃত্যু হয়েছে ।