পিরোজপুরের কাউখালী উপজেলার বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল ও মালবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেতুর কাউখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাউখালীর বেকুটিয়া এলাকার সতদল রায়ের ছেলে শান্ত রায় (২৫), সয়না-রঘুনাথপুর গ্রামের বাবর মাঝীর ছেলে সুনান মাঝী (২০) এবং কেউন্দিয়া গ্রামের আজমল হক বাদল মৃধার ছেলে সাজিদ (২৩)।
আহত দু’জন হলেন কাউখালীর পাঙ্গাসিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মাহফুজুর রহমান (২৫) এবং পিরোজপুর সদর উপজেলার মধ্যরাস্তা এলাকার মধুর ছেলে জয় (২৬)।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় দু’টি মোটরসাইকেলে করে পাঁচজন কাউখালীর দিকে যাচ্ছিলেন। পথে বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রলির সাথে মোটরসাইকেল দু’টির সংঘর্ষ হয়। এতে পাঁচজনই গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে শান্ত রায় এবং পরে রাত সাড়ে ১১টার দিকে সাজিদ ও সুনান মাঝী মারা যান।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ যুগল বিশ্বাস জানান, দুর্ঘটনার খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা ঘটনাস্থলে যান। সেখান থেকে দু’জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া আরও তিনজন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পারেন।
পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) জানান, দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে খুলনায় পাঠানো হয়। পরে অন্য দু’জনের অবস্থার অবনতি হলে তাদেরও উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।
