বিশ্ববাজারে টানা তিন সপ্তাহ ধরে কমছে জ্বালানি তেলের দাম। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ এবং বৈশ্বিক শেয়ারবাজারে দরপতনের প্রভাব পড়েছে জ্বালানি তেলের বাজারেও। এর মধ্যে সোমবার (২৩ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম কমেছে।
আন্তর্জাতিক বাজারের তথ্য অনুযায়ী, সোমবার বাংলাদেশ সময় রাত ২টা ১৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৮ সেন্ট বা শূন্য দশমিক ৩০ শতাংশ কমে ৯২ ডলার ২৯ সেন্টে নেমে আসে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১৫ সেন্ট বা শূন্য দশমিক ১৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩ ডলার ২৬ সেন্টে দাঁড়ায়।
এর আগের সপ্তাহেও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের উল্লেখযোগ্য দরপতন হয়েছিল। ওই সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম কমেছিল ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম কমেছিল ৫ শতাংশ।
জ্বালানি তেলের পাশাপাশি সোমবার এশিয়ার শেয়ারবাজারেও দরপতন দেখা গেছে।
প্রযুক্তিনির্ভর দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে সূচক কমেছে ৪ শতাংশ। চীন, হংকং ও অস্ট্রেলিয়ার শেয়ারবাজারেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।
এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও বড় ধরনের দরপতন হয়। বিশেষ করে প্রযুক্তি খাতের কোম্পানিগুলোর ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগের মধ্যে নাসডাক সূচক এক সপ্তাহে ১০ শতাংশ কমে যায়।
বাজার বিশ্লেষকদের মতে, বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধি কমে যাওয়া এবং জ্বালানি তেলের চাহিদা হ্রাসের আশঙ্কা দাম কমার অন্যতম কারণ। তবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি তেলের বাজারে বড় ধরনের দরপতন ঠেকাচ্ছে।
যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ এবং উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচলে হামলার ঘটনায় বৈশ্বিক তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণে আন্তর্জাতিক বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ এখনো রয়েছে।
বিশ্লেষকদের মতে, একদিকে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও তেলের চাহিদা কমার আশঙ্কা, অন্যদিকে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে সরবরাহ বিঘ্নিত হওয়ার ঝুঁকি—এই দুই বিপরীতমুখী পরিস্থিতির প্রভাবেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামা চলছে।
