বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান ও দ্বিতীয় বৃহত্তম খাত হিসেবে পরিচিত হিমায়িত চিংড়ি শিল্প আজ গভীর সংকটের মুখে। বিশেষ করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রাণকেন্দ্র খুলনায় ‘সাদা সোনা’ খ্যাত এই খাতটি কাঁচামালের ঘাটতি, বিশ্ববাজারের তীব্র প্রতিযোগিতা, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং নানা সামাজিক ও পরিবেশগত জটিলতায় ক্রমশ দুর্বল হয়ে পড়ছে।
একদিকে রপ্তানি আয় ও প্রক্রিয়াজাতকরণ কারখানার কার্যক্রম সংকুচিত হওয়ার বাস্তবতা, অন্যদিকে উচ্চ ফলনশীল ভেনামি চিংড়ির বিস্তার ও অভ্যন্তরীণ বাজারে চাহিদা বৃদ্ধির মতো নতুন সমীকরণ—সব মিলিয়ে ঐতিহ্যবাহী এই শিল্পের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। সময়োপযোগী উদ্যোগ ও সমন্বিত সংস্কারের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ খাতকে টিকিয়ে রাখা এখন সময়ের দাবি।
সাম্প্রতিক অনুসন্ধানে দেখা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের সামগ্রিক চিংড়ি রফতানির পরিমাণ কমে প্রায় ১৯ হাজার টনে নেমে এসেছে। এতে আয় দাঁড়িয়েছে প্রায় ২৮ কোটি ৫৬ লাখ মার্কিন ডলারে, যা আগের অর্থবছরের তুলনায় কম। খুলনা অঞ্চলের হিমায়িত চিংড়ি প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলো কাঁচামালের সংকট, লোডশেডিং এবং ক্রমবর্ধমান উৎপাদন ব্যয়ের কারণে সারাদিন পূর্ণমাত্রায় চালু রাখতে পারছে না।
স্বাধীনতার পর দেশে প্রায় ১৭৮টির মতো হিমায়িত চিংড়ি রফতানিকারক কারখানা গড়ে উঠেছিল। সময়ের পরিক্রমায় এর মধ্যে ৭৫টি কারখানা অনেক আগেই বন্ধ হয়ে গেছে। বাকি ১০৩টি কারখানার মধ্যে বর্তমানে চালু রয়েছে মাত্র ৪০টি, যার মধ্যে ৩০টি অবস্থিত খুলনা অঞ্চলে। অবশিষ্ট প্রতিষ্ঠানগুলো কেবল মৎস্য অধিদপ্তরে লাইসেন্স নবায়ন এবং বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যপদ ধরে রেখে সুদিনের অপেক্ষায় টিকে থাকার চেষ্টা করছে।
সচল কারখানাগুলোর বেশিরভাগই কাঁচামালের অভাবে খুঁড়িয়ে চলছে এবং চাহিদার তুলনায় অর্ধেকেরও কম চিংড়ি রফতানি করতে সক্ষম হচ্ছে। প্রতিবছর বাগদা ও গলদা চিংড়ির চাষ যে হারে কমছে, তাতে ভবিষ্যতে এই শিল্পের অস্তিত্ব নিয়ে মালিক ও শ্রমিক-কর্মচারীদের মধ্যে গভীর দুশ্চিন্তা বিরাজ করছে।ডিপো সংকট ও মান নিয়ন্ত্রণে অভিযানচিংড়ি শিল্পের সরবরাহ শৃঙ্খলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো আঞ্চলিক ডিপো।
খুলনার রূপসা, দাকোপ, পাইকগাছা ও বটিয়াঘাটা এলাকায় শত শত চিংড়ি ও মাছের ডিপো রয়েছে। এর মধ্যে শুধু রূপসাতেই ৪০৫টি ডিপোর প্রায় দুই-তৃতীয়াংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, যা কাঁচামাল সংগ্রহ ও প্রাথমিক প্রক্রিয়াজাতকরণের দুর্বল অবস্থাকেই তুলে ধরে। এর পাশাপাশি গুণগত মান ও নিরাপত্তা নিয়েও বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে। চিংড়ির ওজন বাড়াতে দেহে অপদ্রব্য পুশ করার মতো অনৈতিক কর্মকাণ্ড রোধে প্রশাসনের নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে।
রূপসায় অভিযান: মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ২০২৫ সালের অক্টোবর মাসে বাংলাদেশ কোস্টগার্ড ও সংশ্লিষ্ট দপ্তরের যৌথ অভিযানে রূপসার একটি রফতানিকারক কারখানা থেকে প্রায় ৩৮ মণ পুশ করা চিংড়ি জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়।
ডুমুরিয়া ও পাইকগাছায় ব্যবস্থা: চলতি বছরের সেপ্টেম্বর মাসে ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে ১০০ কেজি পুশ করা চিংড়ি জব্দ করে বিনষ্ট করা হয় এবং এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে পাইকগাছা উপজেলায় বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ ও ক্রয়-বিক্রয়ের অভিযোগে পরিচালিত অভিযানে তিনজন ব্যবসায়ীকে জরিমানা এবং ১০ কেজি চিংড়ি ধ্বংস করা হয়। এ ধরনের অনৈতিক চর্চা দেশের সাদা সোনার সুনাম ও আন্তর্জাতিক বাজারে গ্রহণযোগ্যতাকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করে।
খুলনার উপকূলীয় অঞ্চলে বাগদা বা গলদা চিংড়ি চাষে নানা ঝুঁকি তৈরি হওয়ায় অনেক ঘেরচাষি এই চাষ ছেড়ে দিচ্ছেন। ভাইরাস ও রোগবালাই, মানসম্মত পোনার ঘাটতি, লবণাক্ততার ভারসাম্যহীনতা, অতিবৃষ্টি বা খরা এবং ধারাবাহিক লোকসানের কারণে কেউ অন্য মাছ চাষে ঝুঁকছেন, আবার কেউ বেছে নিচ্ছেন বিকল্প পেশা।
অন্যদিকে, বিশ্ববাজারে ভেনামি চিংড়ির আধিপত্যের প্রেক্ষাপটে খুলনা, পাইকগাছা ও সাতক্ষীরাসহ উপকূলীয় ঘেরগুলোতে কম সময়ে বেশি ফলনশীল ভেনামি চাষের প্রতি আগ্রহ বাড়ছে। তবে এই সম্ভাবনার পাশাপাশি পরিবেশগত ঝুঁকি, মানসম্মত পোনার নিরবচ্ছিন্ন সরবরাহ এবং প্রয়োজনীয় নীতিগত ও অবকাঠামোগত প্রস্তুতি নিয়ে খাত সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছে।
২০২৫-২৬ অর্থবছরে রফানি প্রায় ১৯ হাজার টন ও আয় প্রায় ২৮.৫৬ কোটি ডলার; ১০৩টির মধ্যে ৪০টি কারখানা চালু। কাঁচামালের অভাব ও উৎপাদন ব্যয়ে অনেক কারখানা সীমিত সক্ষমতায় চলছে। রূপসায় দুই-তৃতীয়াংশ ডিপো বন্ধ; অপদ্রব্য পুশ রোধে যৌথ অভিযান ও জরিমানা। সরবরাহ শৃঙ্খল সংকুচিত হলেও কঠোর পদক্ষেপে মান রক্ষার চেষ্টা চলছে। চাষাবাদ ও ভেনামিরোগবালাই, লবণাক্ততা ও লোকসানে বাগদা-গলদায় অনাগ্রহ; ভেনামি চাষে আগ্রহ বৃদ্ধি। ঐতিহ্যবাহী বাগদা-নির্ভর আয়ে অনিশ্চয়তা বাড়লেও ভেনামিতে নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাজারে তীব্র প্রতিযোগিতায় রপ্তানিকারকদের মার্জিন ও কারখানার সক্ষমতা সংকুচিত হচ্ছে। তবে হ্যাচারি ব্যবস্থাপনার উন্নয়ন, ডিজিটাল ট্রেসিবিলিটি চালু, ভেনামি সম্প্রসারণ এবং অর্থায়নের সুযোগ বাড়ানোর মতো সংস্কার ও সম্ভাবনার বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে, যাতে দীর্ঘমেয়াদে মান নিয়ন্ত্রণ ও উৎপাদনশীলতা বৃদ্ধি করা যায়।
মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তর খুলনা’র উপ-পরিচালক মো. আশরাফুজ্জামান বলেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে সরবরাহ। এটি চিংড়ি রফতানি কমে যাওয়ার একটি কারণ হতে পারে।
খুলনা জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান জানান, রফতানি আগের চেয়ে কিছুটা কমলেও উপার্জন আগের মতোই রয়েছে; তবে মূল্যস্ফীতি ও মুদ্রাস্ফীতির কারণে দশ বছর আগের বৈদেশিক মুদ্রা আয়ের অবস্থাতেই রয়ে গেছে খাতটি। তিনি বলেন, চিংড়ি উৎপাদন প্রত্যাশিত হারে না বাড়ার পেছনে খামারগুলোর অবকাঠামোগত উন্নয়নের ঘাটতি ও পানির গভীরতা সংক্রান্ত সমস্যা রয়েছে। পোনার সংকট না থাকলেও গুণগত মানসম্মত চিংড়ির পোনার অভাব রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এসব সমস্যার সমাধান হলে উৎপাদন স্বাভাবিকের চেয়েও বাড়ানো সম্ভব।
তিনি আরও জানান, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) প্রকল্পের আওতায় অবকাঠামোগত উন্নয়নের জন্য খুলনা জেলায় ৭ হাজার ৪০০ ক্লাস্টার রয়েছে, যার প্রতিটিতে ২৫ জন করে সদস্য আছেন। সেখানে অবকাঠামোগত উন্নয়ন করা হলেও পানির গভীরতা নিশ্চিত করা এবং মানসম্মত চিংড়ির পোনা সরবরাহ করা জরুরি।
সব মিলিয়ে, খুলনার হিমায়িত চিংড়ি শিল্প এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। মানসম্মত পোনা সরবরাহ, খামার ও অবকাঠামোর উন্নয়ন, কঠোর মান নিয়ন্ত্রণ এবং আধুনিক চাষাবাদ পদ্ধতির সমন্বয় ঘটাতে পারলেই দেশের অর্থনীতির এই গুরুত্বপূর্ণ খাত নতুন উদ্যমে ঘুরে দাঁড়াতে পারবে।
