পটুয়াখালী সদর উপজেলায় জ্বালানি তেলবাহী ট্যাংকলরি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চান মিয়া (৩০) নামে এক পিকআপচালক নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপে থাকা স্বামী-স্ত্রী হারুন মোল্লা (৪৫) ও মরিয়ম (৪০) আহত হয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) সকাল সোয়া ৬টার দিকে পটুয়াখালী সেতুর উত্তর পাশে খলিশাখালী পাওয়ার প্ল্যান্টসংলগ্ন সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চান মিয়া পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর এলাকার আজাহার গাজীর ছেলে। আহত হারুন মোল্লা পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া গ্রামের ইউনূছ মোল্লার ছেলে। তার স্ত্রী মরিয়ম একই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ঘরের মালামাল নিয়ে পটুয়াখালীর উদ্দেশে আসছিল একটি পিকআপ ভ্যান। সকাল সোয়া ৬টার দিকে পটুয়াখালী সেতুর উত্তর পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি জ্বালানি তেলবাহী ট্যাংকলরির সাথে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক চান মিয়া গুরুতর আহত হন। পিকআপে থাকা হারুন মোল্লা ও তার স্ত্রী মরিয়মও আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সকাল সাড়ে ৭টার দিকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চালক চান মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত হারুন মোল্লা ও মরিয়ম বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পটুয়াখালী হাইওয়ে পুলিশের দায়িত্বে থাকা রবিউল জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধারে সহযোগিতা করে। যান চলাচল স্বাভাবিক রাখতে দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি সড়ক থেকে সরিয়ে নিকটবর্তী ফিলিং স্টেশনে নেয়া হয়েছে। নিহত ও আহতদের পরিবারের সদস্যদেরও খবর দেয়া হয়েছে।
Read this report in English · ইংরেজি সংস্করণ
