চীন-রাশিয়ার ‘অদৃশ্য’ সামরিক জোট

প্রতিবেদন:

·

, ,

চীন ও রাশিয়ার মধ্যে আনুষ্ঠানিক কোনো সামরিক জোট নেই। ন্যাটোর মতো পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিও করেনি দেশ দুটি। কিন্তু সামরিক প্রশিক্ষণ, যৌথ নৌ ও বিমান মহড়া, প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময়, গোয়েন্দা সহযোগিতা এবং পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবিলায় অর্থনৈতিক সমন্বয়ের মাধ্যমে তাদের সম্পর্ক এমন এক পর্যায়ে পৌঁছেছে, যাকে বিশ্লেষকেরা কার্যত ‘অঘোষিত’ বা ‘ছায়া সামরিক জোট’ হিসেবে বিবেচনা করছেন।

এই সহযোগিতার সঙ্গে যুক্ত হয়েছে ইরান ও উত্তর কোরিয়ার মতো দেশও। ফলে চীন-রাশিয়ার ঘনিষ্ঠতাকে এখন শুধু দ্বিপক্ষীয় সম্পর্ক হিসেবে নয়, বরং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রভাব মোকাবিলায় বৃহত্তর কর্তৃত্ববাদী শক্তিগুলোর সমন্বয়ের অংশ হিসেবেও দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের অধীন ইউএস-চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশনের (ইউএসসিসি) প্রকাশিত এক তথ্যানুসন্ধানী প্রতিবেদনে চীন-রাশিয়ার এই সম্পর্কের সামরিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত দিকগুলো তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা ও প্রযুক্তি রপ্তানিতে বিধিনিষেধ বাড়ায় মস্কোর জন্য চীন ক্রমেই অপরিহার্য হয়ে উঠেছে। অন্যদিকে, রাশিয়ার ওপর নির্ভরশীলতাকে কাজে লাগিয়ে বেইজিং সামরিক ও প্রযুক্তিগত সুবিধা অর্জন করছে, কিন্তু আনুষ্ঠানিক জোটের দায় নিচ্ছে না।

গোপনে সামরিক প্রশিক্ষণ, ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে চীন

চীন-রাশিয়ার সামরিক সহযোগিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর একটি হলো পরস্পরের সেনাদের প্রশিক্ষণ দেওয়া। ইউরোপের তিনটি গোয়েন্দা সংস্থার তথ্য ও দেখা নথির ভিত্তিতে জানা গেছে, ২০২৫ সালের শেষ দিকে চীনে প্রায় ২০০ রুশ সেনাকে গোপনে প্রশিক্ষণ দেওয়া হয়। তাদের মধ্যে কয়েকজন পরে ইউক্রেনের যুদ্ধে অংশ নেন বলে গোয়েন্দা সূত্রগুলো জানিয়েছে।

রুশ-চীনা দ্বিভাষিক একটি চুক্তি অনুযায়ী, ২০২৫ সালের ২ জুলাই বেইজিংয়ে দুই দেশের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা এই প্রশিক্ষণ সংক্রান্ত সমঝোতায় স্বাক্ষর করেন। চীনের বেইজিং ও নানজিংসহ কয়েকটি সামরিক স্থাপনায় রুশ সেনাদের প্রশিক্ষণের কথা ছিল। একই চুক্তিতে রাশিয়ার সামরিক স্থাপনাগুলোতে শত শত চীনা সেনার প্রশিক্ষণের পরিকল্পনাও উল্লেখ ছিল।

প্রশিক্ষণের বিষয়গুলোর মধ্যে ছিল ড্রোন পরিচালনা, ইলেকট্রনিক যুদ্ধ, সামরিক বিমান পরিচালনা এবং সাঁজোয়া পদাতিক বাহিনীর কার্যক্রম। রুশ সেনাদের প্রশিক্ষণে চীনের উন্নত ড্রোন প্রযুক্তি ও ফ্লাইট সিমুলেটর ব্যবহারের কথাও উঠে এসেছে।

প্রশিক্ষণপ্রাপ্ত কয়েকজন রুশ সেনার পরিচয় যাচাই করেছে একটি ইউরোপীয় গোয়েন্দা সংস্থা। তাঁদের মধ্যে কয়েকজন ইউক্রেনের অধিকৃত ক্রিমিয়া ও জাপোরিঝঝিয়া অঞ্চলে ড্রোন পরিচালনার মাধ্যমে সরাসরি যুদ্ধে যুক্ত ছিলেন বলে সংস্থাটি দাবি করেছে।

প্রতিবেদন প্রকাশের সময় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেন যুদ্ধ নিয়ে নিজেদের নিরপেক্ষ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে। তারা বলেছে, চীন শান্তি আলোচনার পক্ষে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত উত্তেজনা বাড়ানো বা দায় চাপানোর চেষ্টা না করা।

এ পর্যন্ত অন্তত ১১৯টি যৌথ সামরিক মহড়া

চীন ও রাশিয়ার সামরিক সহযোগিতা শুধু প্রশিক্ষণে সীমাবদ্ধ নয়। ইউএসসিসির তথ্যানুযায়ী, ২০০৩ সাল থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত দেশ দুটি স্থল, নৌ ও বিমানবাহিনীর বিভিন্ন ক্ষেত্রে অন্তত ১১৯টি যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে।

২০১২ সাল থেকে প্রতিবছর যৌথ নৌ মহড়া চালিয়ে আসছে দেশ দুটি। ২০১৯ সালে শুরু হয় যৌথ বোমারু বিমান টহল এবং ২০২০ সালে শুরু হয় যৌথ নৌ টহল। সাম্প্রতিক বছরগুলোতে এসব কার্যক্রমের ভৌগোলিক পরিধিও বেড়েছে।

২০২৬ সালের জুলাইয়ে ‘জয়েন্ট সি-২০২৬’ নামে যৌথ নৌ মহড়া পরিচালনা করে চীন ও রাশিয়া। এতে সাবমেরিন, সাবমেরিনবিরোধী কার্যক্রম এবং ড্রোন পরিচালনার মতো বিষয় অন্তর্ভুক্ত ছিল। মহড়ার পর দুই দেশের নৌবাহিনী প্রশান্ত মহাসাগরে যৌথ সামুদ্রিক টহলেও অংশ নেয়।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং বিন ১৭ জুলাই বলেন, দুই দেশের সেনাবাহিনী নির্ধারিত সব কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে। তাঁর ভাষ্য, এসব মহড়া কোনো তৃতীয় দেশকে লক্ষ্য করে নয়; বরং সামুদ্রিক নিরাপত্তা মোকাবিলায় দুই বাহিনীর সক্ষমতা বাড়ানোর অংশ।

তবে ইউএসসিসির মূল্যায়নে বলা হয়েছে, যৌথ মহড়া বাড়লেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে পূর্ণাঙ্গ সমন্বয় বা ইন্টারঅপারেবিলিটি এখনো গড়ে ওঠেনি। বাস্তব যুদ্ধক্ষেত্রে যৌথভাবে অভিযান পরিচালনার অভিজ্ঞতাও সীমিত।

অস্ত্র ও প্রযুক্তিতে বাড়ছে পারস্পরিক নির্ভরতা

একসময় চীনের সামরিক আধুনিকায়নে রাশিয়ার অস্ত্র ও প্রযুক্তি বড় ভূমিকা রাখত। ইউএসসিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯০-এর দশক থেকে ২০২০-এর দশকের শুরুর সময় পর্যন্ত চীনের মোট অস্ত্র আমদানির ৭৭ শতাংশ এসেছিল রাশিয়া থেকে। এ সময়ে রাশিয়ার কাছ থেকে প্রায় ৩৮ দশমিক ৫ বিলিয়ন ডলারের অস্ত্র কিনেছে বেইজিং।

তবে চীনের নিজস্ব প্রতিরক্ষা শিল্পের উন্নতির সঙ্গে সঙ্গে রুশ অস্ত্রের ওপর নির্ভরতা কমেছে। উল্টো ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞায় চাপে পড়া রাশিয়া এখন চীনের প্রযুক্তি ও শিল্প উপকরণের ওপর বেশি নির্ভরশীল হয়ে উঠেছে।

ইউএসসিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে রাশিয়ায় প্রবেশ করা নিষেধাজ্ঞার আওতাভুক্ত প্রযুক্তিপণ্যের ৯০ শতাংশ এসেছে চীন থেকে। ২০২২ সালের পর থেকে রাশিয়ায় ১০ দশমিক ৩ বিলিয়ন ডলারের গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য রপ্তানি করেছে চীন। এর মধ্যে রয়েছে সেমিকন্ডাক্টর, ড্রোনের যন্ত্রাংশ, ইলেকট্রনিক সার্কিট ও যন্ত্রপাতি।

প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, রুশ বাহিনীর ব্যবহৃত ভি-টু-ইউ স্বয়ংক্রিয় ড্রোনে চীনা মিনি কম্পিউটার, জিপিএস মডিউল, মোটর, ব্যাটারি ও স্টোরেজ ড্রাইভ ব্যবহারের তথ্য ইউক্রেনের সামরিক গোয়েন্দা নথিতে উঠে এসেছে। চীন থেকে ড্রোনের ইঞ্জিন ও অন্যান্য উপকরণ সরবরাহ রাশিয়ার ড্রোন উৎপাদন বাড়াতেও সহায়তা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া রাশিয়ার তৈরি অস্ত্র ও সামরিক সরঞ্জামে চীনা প্রযুক্তির ব্যবহার বাড়ছে। ইউএসসিসির প্রতিবেদনে রাশিয়ার কাছে চীনের তৈরি ‘সাইলেন্ট হান্টার’ লেজার ব্যবস্থা থাকার কথাও উল্লেখ করা হয়েছে, যা ড্রোন প্রতিরোধে ব্যবহৃত হতে পারে।

নজরদারি, স্যাটেলাইট ও মহাকাশ প্রযুক্তিতে সহযোগিতা

সামরিক সহযোগিতার আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র মহাকাশ ও গোয়েন্দা প্রযুক্তি। ইউএসসিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় চীনের স্যাটেলাইট চিত্র সরবরাহের অভিযোগ রয়েছে। এসব চিত্র ইউক্রেনের লক্ষ্যবস্তু শনাক্ত এবং রুশ হামলার পরিকল্পনায় সহায়তা করতে পারে। তবে এ ধরনের সহযোগিতার সব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

দুই দেশ নিজেদের স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থার সমন্বয়েও কাজ করছে। চীনের বেইদৌ এবং রাশিয়ার গ্লোনাস ব্যবস্থার মধ্যে সংযোগ ও তথ্য বিনিময় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সামরিক যোগাযোগ, অবস্থান শনাক্তকরণ এবং যুদ্ধক্ষেত্রে নজরদারির সক্ষমতা বাড়তে পারে।

এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি, উন্নত পারমাণবিক শক্তি ও মহাকাশ গবেষণায় সহযোগিতা বাড়ানোর কথাও প্রতিবেদনে উঠে এসেছে। ২০২৬ সালের মে মাসে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের সময় রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম চীনা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে পারমাণবিক সংযোজন, পারমাণবিক চিকিৎসা, ফোটনিকস ও কোয়ান্টাম প্রযুক্তি নিয়ে গবেষণার চুক্তি করে।

ইরান ও উত্তর কোরিয়াকে ঘিরে বৃহত্তর সমন্বয়

চীন-রাশিয়ার ঘনিষ্ঠতার পাশাপাশি ইরান ও উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সামরিক সহযোগিতাও পশ্চিমা দেশগুলোর উদ্বেগ বাড়িয়েছে। ইউরোপীয় নীতি বিশ্লেষণকেন্দ্র সেন্টার ফর ইউরোপিয়ান পলিসি অ্যানালাইসিসের (সিইপিএ) প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া, চীন, ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে বিভিন্ন ধরনের সহযোগিতা জোরদার হয়েছে।

গবেষণাটিতে উল্লেখ করা হয়, ইরানের সঙ্গে ড্রোন উৎপাদন ও প্রযুক্তিগত সহযোগিতা এবং উত্তর কোরিয়ার সেনা ও গোলাবারুদ সরবরাহ রাশিয়ার যুদ্ধ পরিচালনায় ভূমিকা রেখেছে। উত্তর কোরিয়ার সেনারা রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধক্ষেত্রে অংশ নিয়ে আধুনিক যুদ্ধের অভিজ্ঞতাও অর্জন করছে বলে গবেষণায় বলা হয়েছে।

তবে এই দেশগুলোকে নিয়ে একটি সুসংগঠিত, অভিন্ন সামরিক কমান্ড বা আনুষ্ঠানিক জোট গড়ে উঠেছে—এমন প্রমাণ গবেষণাটি দেয়নি। বরং বিভিন্ন দেশের নিজস্ব স্বার্থের ভিত্তিতে গড়ে ওঠা সহযোগিতার নেটওয়ার্ক হিসেবেই বিষয়টি বিশ্লেষণ করা হয়েছে।

পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবিলায় বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা

চীন-রাশিয়ার সহযোগিতার বড় ভিত্তি অর্থনৈতিক সম্পর্কও। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞায় রাশিয়ার বৈদেশিক বাণিজ্য ও আর্থিক লেনদেন বাধাগ্রস্ত হলে চীন হয়ে ওঠে মস্কোর অন্যতম প্রধান অর্থনৈতিক অংশীদার।

ইউএসসিসির তথ্যানুযায়ী, ২০২৪ সালে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় ২৪৪ দশমিক ৮ বিলিয়ন ডলারে। এ ছাড়া ২০২৪ সালের মধ্যে দুই দেশের ৯০ শতাংশের বেশি বাণিজ্য লেনদেন রুবল ও চীনা মুদ্রা ইউয়ানে সম্পন্ন হয়েছে। এতে ডলার ও ইউরোর ওপর নির্ভরতা কমেছে।

চীনের আন্তসীমান্ত আন্তব্যাংক লেনদেনব্যবস্থা সিআইপিএসেও রুশ ব্যাংকগুলোর অংশগ্রহণ বেড়েছে। ইউএসসিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে এই ব্যবস্থায় সরাসরি অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৭৬। ২০২৬ সালের জুনে তা বেড়ে দাঁড়ায় ২১০-এ।

এই আর্থিক ব্যবস্থা পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব কমাতে রাশিয়াকে সহায়তা করছে। একই সঙ্গে মস্কোর চীনের আর্থিক ব্যবস্থার ওপর নির্ভরতাও বাড়ছে।

তবে আনুষ্ঠানিক সামরিক জোট গঠনে এখনো অনীহা

চীন ও রাশিয়ার সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক, একে এখনই ন্যাটোর মতো আনুষ্ঠানিক সামরিক জোট বলা যাচ্ছে না। দুই দেশের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নেই। কোনো এক পক্ষ আক্রান্ত হলে অন্য পক্ষ সরাসরি যুদ্ধে যোগ দেবে—এমন বাধ্যবাধকতাও নেই।

ইউএসসিসির মূল্যায়নে বলা হয়েছে, রাশিয়া ক্রমেই চীনের ওপর নির্ভরশীল হয়ে পড়লেও বেইজিং আনুষ্ঠানিক জোটের দায় এড়িয়ে নিজের কৌশলগত স্বাধীনতা ধরে রাখতে চায়। রাশিয়ার জুনিয়র অংশীদার হয়ে যাওয়ার আশঙ্কা, দুই দেশের ভিন্ন পারমাণবিক নীতি, গোয়েন্দা তথ্য নিয়ে অবিশ্বাস এবং আঞ্চলিক স্বার্থের পার্থক্যও সম্পর্কের সীমাবদ্ধতা হিসেবে কাজ করছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ডিফেন্স প্রায়োরিটিজের বিশ্লেষণেও চীন-রাশিয়ার সম্পর্ককে ‘কোয়াসি-অ্যালায়েন্স’ বা আধা-জোট হিসেবে বর্ণনা করা হয়েছে। প্রতিষ্ঠানটির মতে, দুই দেশের মধ্যে সামরিক অংশীদারত্বের বৈশিষ্ট্য থাকলেও পূর্ণাঙ্গ সামরিক জোটের পর্যায়ে পৌঁছায়নি।

সব মিলিয়ে চীন ও রাশিয়ার সম্পর্ক এখন এমন এক কৌশলগত সমন্বয়ে রূপ নিচ্ছে, যার আওতায় সামরিক মহড়া, প্রশিক্ষণ, প্রযুক্তি, গোয়েন্দা তথ্য, জ্বালানি ও অর্থনৈতিক লেনদেন পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে। এর সঙ্গে ইরান ও উত্তর কোরিয়ার সহযোগিতা যুক্ত হওয়ায় পশ্চিমা নিরাপত্তা বিশ্লেষকদের উদ্বেগও বাড়ছে।

তবে এই সমন্বয়কে আনুষ্ঠানিক সামরিক জোট হিসেবে উপস্থাপন করা এখনই সঠিক হবে না। বরং বলা যায়, চীন ও রাশিয়ার নেতৃত্বে গড়ে উঠছে একটি অনানুষ্ঠানিক কৌশলগত সহযোগিতার বলয়—যার প্রভাব শুধু ইউক্রেন যুদ্ধেই নয়, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলসহ বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থাতেও পড়তে পারে।

Read this report in English · ইংরেজি সংস্করণ