গুজরাটের দরগাহগুলো নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র

প্রতিবেদন:

·

, ,

গত ৩ ও ৪ নভেম্বর গুজরাট হাইকোর্ট গির সোমনাথের আটজন মুসলিম বাসিন্দার দায়ের করা রিট পিটিশনের শুনানি গ্রহণ করেন, যেখানে পীর আহমেদ শাহ দরগাহ ভাঙচুরের ঘটনাকে চ্যালেঞ্জ করা হয়েছে।

রশন বানুর হতাশার যেন কোনো সীমা ছিল না। জেলাটির প্রভাস পাটন এলাকার দৃষ্টিপ্রতিবন্ধী এই বয়োবৃদ্ধ অধিবাসী বলেন, ‘আরেকটি দরগাহ ধ্বংসস্তূপে পরিণত হলো। তারা গির সোমনাথ থেকে মুসলিম এবং ইসলামের সাথে সম্পর্কিত সবকিছুকে নিংড়ে বের করে দিতে চায়।’

বার্ধক্যের কারণে দৃষ্টিশক্তি হারিয়েছেন বানু। তিনি বলেন, দরগাহটি ভেঙে ফেলার দৃশ্য নিজের চোখে দেখতে হয়নি বলে তিনি একপ্রকার স্বস্তি বোধ করছেন।

সেখানে নিয়মিত ইবাদত করা স্থানীয় মুসলিমদের দাবি, দরগাহের সাথে যুক্ত চতুর্দশ শতকের একটি ফারসি শিলালিপি এবং একটি প্রাচীন গেট কোনো আইনি নিয়ম না মেনেই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সোমনাথ করিডোর প্রকল্পের অধীনে হিন্দু পুণ্যার্থীদের জন্য মাজারটির ঐতিহাসিক ও ধর্মীয় অস্তিত্ব মুছে ফেলে জায়গাটিকে পুনর্নির্ধারণ করা হচ্ছে।

পিটিশনারদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী আনন্দ ইয়াগনিক যুক্ত পেশ করে বলেন যে, ওয়াকফ সম্পত্তি, ভূমি অধিগ্রহণ এবং সংরক্ষিত স্মৃতিসৌধ-সংক্রান্ত আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই এই ঐতিহাসিক ধর্মীয় স্থানটি ভেঙে ফেলা হয়েছে।

ইসলামিক মাজার ভাঙার ধারাবাহিক ঘটনা

পিটিশনে জেলা কালেক্টর কর্তৃক একজন মধ্যবর্তী ‘মুতাওয়াল্লি’ (তত্ত্বাবধায়ক) নিয়োগের বিষয়েও প্রশ্ন তোলা হয়। উক্ত মুতাওয়াল্লি দরগাহের ট্রাস্টিদের সাথে পরামর্শ না করেই জমি হস্তান্তরের জন্য অনাপত্তিপত্র (এনওসি) প্রদান করেন।

আইনজীবী ইয়াগনিক হাইকোর্টে জমা দেন, ‘কেবল মুতাওয়াল্লি একাই একটি প্রস্তাবে স্বাক্ষর করেন যার মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণের বিনিময়ে রাজ্য সরকারকে সম্পত্তিটি অধিগ্রহণের সুযোগ দেওয়া হয়। সম্পত্তি বিক্রির জন্য তার আবেদনটি রাজ্যের ওয়াকফ বোর্ড অবিলম্বে অনুমোদন দেয়। পুরো প্রক্রিয়াটি অধিগ্রহণ আইন এবং ওয়াকফ আইনের চরম লঙ্ঘন ছিল, কারণ ওয়াকফ আইন কোনো ওয়াকফ সম্পত্তি বিক্রি করা কঠোরভাবে নিষিদ্ধ করে।’

আবেদনকারীরা আরো উল্লেখ করেন যে, ১৯০৪ সাল থেকে বিভিন্ন আইনের অধীনে উক্ত শিলালিপি এবং স্থানটি ‘আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া’ (এএসআই)-এর অধীনে সংরক্ষিত স্মৃতিসৌধ ছিল। ইয়াগনিক আদালতে বলেন, ‘এএসআই (এএসআই)-এর অনুমতি ছাড়াই প্রাচীন কাঠামোটি ভেঙে ফেলা হয় এবং স্থানীয়রা ধ্বংসস্তূপ থেকে শিলালিপিটি উদ্ধার করে। অননুমোদিত ভাঙচুরের জন্য জেলা কালেক্টরকে এএসআই-এর পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয়েছিল।’

পীর আহমেদ শাহ দরগাহ ছাড়াও গির সোমনাথ জেলা সাম্প্রতিক সময়ে দরগাহ ভাঙচুরের একাধিক ঘটনার জন্ম দিয়েছে।

২০২৪ সালের সেপ্টেম্বরে সোমনাথ মন্দিরের কাছে প্রভাস পাটনে বিশাল পুলিশ বাহিনীর সাথে বুলডোজার ও এক্সকাভেটর প্রবেশ করে। অভিযান শেষে গির সোমনাথ জেলার ভেরাভাল এলাকায় নয়টি ইসলামিক ধর্মীয় কাঠামো এবং প্রধানত মুসলিম মালিকানাধীন ৪৭টি ঘরবাড়ি ধ্বংস করা হয়।

প্রশাসন এই অভিযানকে সরকারি জমি মুক্ত করার একটি ‘উচ্ছেদ অভিযান’ হিসেবে বর্ণনা করেছিল। জেলা প্রশাসনের মতে, জমিটির পরিমাণ ছিল প্রায় ১০২ একর। তবে বাসিন্দারা জমির ওপর কর্তৃপক্ষের দাবি এবং ভাঙচুরের বৈধতা নিয়ে তীব্র প্রতিবাদ জানান। এই উচ্ছেদ অভিযানে বংশানুক্রমিক বসবাসকারী পরিবারগুলো এবং মাজার দর্শনে আসা ভক্তরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হন।

হাজী মাংরোল দরগাহ, পীর সিলারের শাহ দরগাহ, গরিব শাহ দরগাহ এবং জাফর মোজাফফর দরগাহসহ বেশ কয়েকটি ঐতিহাসিক মাজার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। স্থানীয়রা গণমাধ্যম দ্য ওয়্যার-কে জানান যে, হাজী মাংরোল শাহ দরগাহ ১৯২৪ সালের শুরু থেকেই তৎকালীন জুনাগড় রাজ্যের রাজস্ব রেকর্ডের অংশ ছিল।

২০২৫ সালে দ্য ওয়্যার-এর একটি সরেজমিন প্রতিবেদনে স্থানীয় মুসলিমদের ওপর এই ভাঙচুরের প্রভাব নথিভুক্ত করা হয়েছিল, যার মধ্যে রয়েছে পরিবারগুলোর বাস্তুচ্যুতি এবং ধর্মীয় জীবনের অংশ হয়ে থাকা মাজারগুলোতে যাতায়াতের অধিকার হারানোর চিত্র।

পদ্ধতি, ধরন ও পিটিশন

মালং ইসমাইল হোসেন এবং অন্যদের দায়ের করা আবেদন অনুযায়ী, প্রভাস পাটনের পীর আহমেদ শাহ দরগাহ-সম্পর্কিত সাম্প্রতিক বিতর্কটি শুরু হয় ২০২৬ সালের ১৯ আগস্ট ভোর ৩টার দিকে চালানো ভাঙচুরের মধ্য দিয়ে। তারা দরগাহটিকে ১৫৪৩ সালের সুলতান আহমেদ শাহের সময়ের একটি ফারসি পাথরের শিলালিপি-সংবলিত কয়েক শ’ বছরের প্রাচীন ধর্মীয় স্থান হিসেবে বর্ণনা করেছেন।

পিটিশনে ভাঙচুরের আগের একাধিক ঘটনার বিবরণ দেওয়া হয়। ২০২৪ সালে ট্রাস্টি সালিমশা দাদা শাহের মৃত্যুর পর আবেদনকারীরা অভিযোগ করেন যে, জেলা প্রশাসন তার ছেলে দাদা শাহ সালিমশাকে ট্রাস্টে পদ পেতে এবং সোমনাথ করিডোর প্রকল্পের জন্য রাজ্য সরকারের কাছে সম্পত্তি হস্তান্তরে সহায়তা করতে চাপ সৃষ্টি করে। তারা আরও অভিযোগ করেন যে, ২০২৬ সালের ১৪ আগস্ট একটি সভা অনুষ্ঠিত হয় এবং সংশ্লিষ্ট সকল ট্রাস্টি ও অংশীদারদের সম্মতি ছাড়াই সম্পত্তি হস্তান্তরের অনুমতি চেয়ে আবেদন করা হয়।

পিটিশন অনুযায়ী, গুজরাট রাজ্য ওয়াকফ বোর্ড ২০২৬ সালের ১৮ আগস্ট প্রকল্পের অনুমতি দেয়। এর পরদিন অর্থাৎ ১৯ আগস্টের ভোরের আলো ফোটার আগেই দরগাহটি ভেঙে ফেলা হয়।

পিটিশনারদের অভিযোগ, এই অপারেশনের সময় সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, মামলাতদার (তালুকা পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা) এবং স্থানীয় পুলিশ উপস্থিত ছিল। তারা জানান, ঐতিহাসিক শিলালিপিটি পরে সম্প্রদায়ের সদস্যরা উদ্ধার করেন, কিন্তু দরগাহের সাথে যুক্ত কবর ও অন্যান্য কাঠামোর পবিত্রতা ক্ষুণ্ণ করা হয়।

২০২৬ সালের ২২ অক্টোবর গোহেল বাসির কাসেমের দায়ের করা একটি অতিরিক্ত হলফনামায় দরগাহের সম্পত্তি হস্তান্তরে তথাকথিত সম্মতি দেওয়া ব্যক্তিদের কর্তৃত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়। হলফনামায় গুজরাট রাজ্য প্রত্নতত্ত্ব বিভাগের সাথে পত্রযোগাযোগের বিষয়টিও উল্লেখ করা হয়।

দ্য ওয়্যার-এর সাথে আলাপকালে বাসির জানান, ২০২৬ সালের ৮ সেপ্টেম্বর তারিখের এক জবাবে প্রত্নতত্ত্ব বিভাগ ইঙ্গিত দিয়েছে যে, দরগাহ ভাঙচুর এবং শিলালিপির স্থানটি নিয়ে কালেক্টরের কাছ থেকে তারা কোনো কাগজপত্র পায়নি।

‘পীর আহমেদ শাহের ঐতিহাসিক মাজারকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা বেশ কিছু গুরুতর প্রশ্ন তোলে। এই মাজারটি যদি ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বসম্পন্ন স্থান হয়ে থাকে, তবে এর সুরক্ষায় বিদ্যমান আইন ও বিধিমালা মেনে চলা সরকারের দায়িত্ব। আমার প্রশ্ন হলো: উন্নয়নের নামে ঐতিহাসিক ঐতিহ্য নষ্ট করা কি সমীচীন? এই বিষয়ে কি সব আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে?’ প্রশ্ন তোলেন বাসির।

তিনি আরও বলেন, আবেদনকারীরা সরকারের উদ্দেশ্য নিয়ে ভিত্তিহীন অভিযোগ তুলতে চান না; তবে তারা পুরো ঘটনার একটি স্বচ্ছ তদন্ত, সংশ্লিষ্ট নথিপত্রের প্রকাশ এবং দরগাহ ধ্বংসের দায়বদ্ধতা স্পষ্টভাবে দাবি করছেন। ‘আমাদের লড়াই কোনো নির্দিষ্ট সরকার বা ধর্মের বিরুদ্ধে নয়। এটি ঐতিহাসিক ঐতিহ্য সুরক্ষা, ন্যায়বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠার লড়াই,’ বলেন তিনি।

বাসির জানান, এই বিষয়ের সাথে জড়িত থাকায় তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। ‘তবে পিটিশন দায়ের করা একটি সাংবিধানিক অধিকার এবং আদালতের মাধ্যমে ন্যায়বিচার চাওয়াকে কখনোই অপরাধ হিসেবে গণ্য করা উচিত নয়। আমরা বিশ্বাস করি যে প্রতিটি নাগরিকের ঐতিহাসিক ও ধর্মীয় ঐতিহ্য সুরক্ষায় উদ্বেগ প্রকাশের অধিকার রয়েছে। আমাদের উদ্দেশ্য সবসময়ই আইনি উপায়ে ন্যায়বিচার চাওয়া,’ বলেন তিনি।

হিন্দু তীর্থক্ষেত্রের মাঝে মুসলিম ঐতিহ্য

সোমনাথ মন্দির সবসময় আজকের মতো এত বড় তীর্থক্ষেত্র বা পর্যটন কেন্দ্র ছিল না; সাম্প্রতিক দশকগুলোতে এটিকে একটি প্রধান হিন্দু তীর্থক্ষেত্র হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চলছে। সাম্প্রতিক সোমনাথ করিডোর প্রকল্পের আগেই এই এলাকার রাজনৈতিক ও প্রশাসনিক গুরুত্ব বৃদ্ধি করা হয়েছিল।

২০১২ সালের ১৪ আগস্ট তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী এবং বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জুনাগড় থেকে পৃথক করে ‘গির সোমনাথ’ নামে একটি নতুন জেলা তৈরির ঘোষণা দেন। এক বছর পর ২০১৩ সালের ১৫ আগস্ট ভেরাভাল, সুত্রাপাড়া, তালালা, উনা এবং কোডিনার—উপকূলীয় এই তালুকাগুলোকে নিয়ে জেলাটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। সরকার এই পদক্ষেপকে একটি প্রশাসনিক ব্যবস্থা হিসেবে উপস্থাপন করেছিল যা উপকূলীয় অধিবাসীদের কাছে সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দেবে।

তবে এটি সোমনাথ মন্দির এবং এর চারপাশের এলাকাকে একটি স্বতন্ত্র প্রশাসনিক এবং প্রধানত হিন্দু পরিচিতি এনে দেয়।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে গুজরাট সরকার সোমনাথ ও এর আশপাশের অবকাঠামোগত উন্নয়নের জন্য ‘প্রসাদ’ প্রকল্পের অধীনে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয়ের কাছে ২৬২ কোটি টাকা চেয়েছিল। ১০২ কোটি টাকার প্রথম ধাপের প্রস্তাবের মধ্যে পার্কিং, ওয়াটার ট্রিটমেন্ট, স্যুয়ারেজ, বর্জ্য ব্যবস্থাপনা এবং অন্যান্য পর্যটন সুবিধার পরিকল্পনা অন্তর্ভুক্ত ছিল।

পীর আহমেদ শাহ দরগাহের প্রতিনিধিত্বকারী আইনজীবী ইয়াগনিক বিশ্বাস করেন যে, পুরো হাঙ্গামাটি কেবল একটি উদ্দেশ্যেই ঘটছে : সোমনাথ মন্দিরের আশেপাশে সব ধরনের দরগাহের অস্তিত্ব মুছে ফেলা।

‘তারা এগুলোকে পুরোপুরি মুছে ফেলার পরিকল্পনা করছে। আমি আনন্দ ইয়াগনিক, একজন হিন্দু। সোমনাথ মন্দির আমার জন্য একটি গুরুত্বপূর্ণ মন্দির কারণ আমি একজন শৈব। বছরের পর বছর ধরে আমি নিয়মিত এই মন্দিরে যাচ্ছি। তারা বলছে যে সোমনাথ করিডোর পুণ্যার্থীদের তাদের ধর্মবিশ্বাসকে দৃঢ় করতে সাহায্য করবে। কিন্তু সোমনাথ ভগবানের প্রতি আমার ভক্তি অন্যের ভক্তির বিনিময়ে হতে পারে না,’ দ্য ওয়্যারকে বলেন ইয়াগনিক।

‘এ বিষয়ে আমি একেবারেই স্পষ্ট। তারা নিজেদের [রাজনৈতিক] এজেন্ডা পুনরুজ্জীবিত করতে রাষ্ট্রের কলকব্জাকে ব্যবহার করছে এবং কর্পোরেট হাউজগুলো তাদের সাহায্য করছে,’ উল্লেখ করে তিনি আরও বলেন যে, বাবরি, মথুরা এবং সোমনাথের ক্ষেত্রেও একই গোপন এজেন্ডা দৃশ্যমান।

‘আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া একের পর এক নোটিশ জারি করে বলছে যে পূর্ব অনুমতি ছাড়া আপনি এগুলো ভাঙতে পারেন না, আমার কাছে এরকম ২-৩টি নোটিশ রয়েছে,’ যোগ করেন তিনি।

ইয়াগনিক আরো তুলে ধরেন যে কিভাবে গুজরাট ওয়াকফ বোর্ড রাজ্য সরকারের কাছে বিক্রি হয়ে গেছে এবং গুজরাটজুড়ে কীভাবে ইসলামিক স্থাপনাগুলোকে শূন্য করে রূপান্তর করা হচ্ছে সেদিকে নজর দিচ্ছে না।

গির সোমনাথের এই ভাঙচুর গুজরাট সরকারের প্রকাশ্যে সমর্থন করা একটি বিস্তৃত অভিযানের অংশ। ২০২৪ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভি গুজরাট বিধানসভায় বলেছিলেন যে রাজ্য সরকার গুজরাটজুড়ে ১০৮টি ইসলামিক মাজার ভেঙে দিয়েছে। তিনি আরও যোগ করেছিলেন যে এই ‘উচ্ছেদ অভিযান’ অন্যান্য জেলার সাথে গির সোমনাথেও পৌঁছেছে।

২০২৩ সালের ২৮ মার্চ মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও বেট দ্বারকা এবং গান্ধভীতে ভাঙচুরের পক্ষাবলম্বন করেছিলেন, যেখানে ক্ষতিগ্রস্তদের অনেকেই ছিলেন মুসলিম জেলে। তিনি বলেছিলেন যে গুজরাটের ১,৬০০ কিলোমিটার দীর্ঘ উপকূলরেখা বরাবর সরকার কোনো “অবৈধ কর্মকাণ্ড” সহ্য করবে না এবং নিরাপত্তা ও জনকল্যাণের নামে ভাঙচুর অভিযান অব্যাহত থাকবে।

এই বক্তব্যগুলো প্রমাণ করে যে গুজরাটের উপকূলীয় অঞ্চলের এই ভাঙচুরগুলো কোনো বিচ্ছিন্ন জমি-মুক্তকরণ অভিযান ছিল না। শীর্ষ রাজনৈতিক নেতারা প্রকাশ্যে এগুলোকে সরকারের বড় অভিযানের অংশ বানিয়েছেন।

উন্নয়নমূলক নির্দেশনার অজুহাতে তারা প্রায়ই মুসলিমদের বাড়িঘর এবং ইসলামিক মাজারগুলোকে ‘অবৈধ দখল’ হিসেবে চিহ্নিত করছে এবং বিজেপি-শাসিত এই রাজ্যে ঐতিহ্য ও ইতিহাসকে একমুখী হিন্দুত্ববাদী রূপ দিতে মসজিদ, মাজার ও মুসলিম বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার জন্য বুলডোজার চালিয়ে দিচ্ছে।

Read this report in English · ইংরেজি সংস্করণ