গাজীপুর মহানগরীর গাছা থানার শরিফপুর এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি কারখানায় সঙ্ঘবদ্ধ লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় পিকআপভর্তি মালামালসহ স্থানীয়দের হাতে আটক নয়জনকে সহযোগীরা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন কারখানার জমি ও ভবনের মালিকপক্ষ। তবে এ ঘটনায় একজনকে আটক করতে সক্ষম হয়েছেন তারা।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
কারখানার জমি ও ভবনের মালিকপক্ষের সদস্য মো: মোজাম্মেল হক গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে দেয়া লিখিত অভিযোগে জানান, শরিফপুর এলাকায় তাদের মালিকানাধীন জমিতে প্রায় ১৯ হাজার ৫০০ বর্গফুট আয়তনের চারতলা ভবনে ‘ক্রস লাইন ওভেন অ্যাপারেল লিমিটেড’ নামে একটি কারখানা পরিচালিত হতো। আমিনুল ইসলাম কোয়েল কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক। ২০১৩ সালে উৎপাদন শুরু করা প্রতিষ্ঠানটির কার্যক্রম প্রায় চার বছর আগে বন্ধ হয়ে যায়।
অভিযোগে বলা হয়, কারখানা বন্ধ হওয়ার পর থেকে বিভিন্ন সময়ে সেখানে চুরির ঘটনা ঘটে। এসব ঘটনায় গাছা থানায় তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সর্বশেষ গতকাল বুধবার রাতে দেশীয় অস্ত্র নিয়ে আনুমানিক নয়জনের একটি দল কারখানার প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা বিভিন্ন মালামাল একটি পিকআপে তুলতে থাকে। এ সময় আশপাশের মার্কেটের নিরাপত্তাকর্মীদের মাধ্যমে খবর পেয়ে মালিকপক্ষ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পিকআপভর্তি মালামালসহ ওই নয়জনকে আটক করে। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তরের জন্য কারখানার একটি কক্ষে আটকে রাখা হয়।
কিন্তু একপর্যায়ে মালিকপক্ষের লোকজন বাইরে গেলে অজ্ঞাত পরিচয় কয়েকজন কক্ষের তালা কেটে আটক ব্যক্তিদের বের করে নিয়ে যায়। এ সময় শরিফুল ইসলাম নামে একজনকে আটক করা সম্ভব হয়। তিনি মিরপুর এলাকায় শ্রমিকের কাজ করেন বলে জানা গেছে।
মোজাম্মেল হক জানান, কারখানা থেকে মালামাল বের করে পিকআপে তোলার দৃশ্যসহ ঘটনার ছবি ও ভিডিওচিত্র তাদের কাছে সংরক্ষিত রয়েছে। এসব তথ্যপ্রমাণ পুলিশকে সরবরাহ করা হয়েছে।
গাছা থানার এসআই নিজামুদ্দিন জানান, ঘটনাস্থল থেকে মালামাল জব্দ এবং একজনকে আটক করে থানায় আনা হয়েছে। লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম রব্বানী জানান, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তা পাঠানো হয়েছে। প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Read this report in English · ইংরেজি সংস্করণ
