আখাউড়ায় ট্রেনে আগুন, আটক ২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনের কাছে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির বেশ কয়েকটি আসন পুড়ে গেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে রেল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে দু’জনকে আটক করেছে জিআরপি ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।

আটক ব্যক্তিরা হলেন মুরসালিন (২৩) ও নূরুল (২৫)। তারা দু’জনই আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামের বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাতে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটির শান্টিংয়ের কাজ চলছিল। এ সময় দায়িত্বে থাকা গেটকিপার স্বাধীন আহমেদ ট্রেনের ভেতরে আগুন দেখতে পান। মুহূর্তেই তিনি রেলওয়ে কন্ট্রোল অফিস ও আখাউড়া ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ট্রেনটির বেশ কয়েকটি আসন পুড়ে যায়।

আখাউড়া রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট মো: নুরুন্নবী জানান, ক্ষতিগ্রস্ত বগিটি রেখে ট্রেনটি এক ঘণ্টা বিলম্বে আখাউড়া স্টেশন ছেড়ে যায়।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ইনচার্জ মো: জাহাঙ্গীর আলম জানান, স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে শান্টিংয়ের সময় দুর্বৃত্তরা ট্রেনে আগুন দেয়। এ ঘটনায় জিআরপি ও আরএনবি তাৎক্ষণিক অভিযান চালিয়ে দু’জনকে আটক করেছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে।