কুষ্টিয়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রতিবেদন:

·

, , , , ,

কুষ্টিয়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, বোমা হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির। এসব কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের যথাযথ পদক্ষেপ নেয়ার ব্যর্থতার অভিযোগ তুলে সংশ্লিষ্ট মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন সংগঠনটির নেতারা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুষ্টিয়া শহর ও জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের মোল্লা তেঘরিয়ায় জেলা জামায়াতের কার্যালয় সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুষ্টিয়া প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক, শহর ছাত্রশিবিরের সভাপতি ইমরান হোসেন, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ আবদুল্লাহ আল মামুনসহ সংগঠনের নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে বিভিন্ন ক্যাম্পাস ও এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, বোমা হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের ঘটনায় উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। এসব কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের কার্যকর উদ্যোগ দৃশ্যমান না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন।

তারা আরো বলেন, সন্ত্রাস ও নৈরাজ্য দমনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যর্থতা স্পষ্ট। এ ব্যর্থতার দায় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর পদত্যাগ করতে হবে। একই সাথে অবিলম্বে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান বক্তারা।

সমাবেশে ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Read this report in English · ইংরেজি সংস্করণ