একদিকে শিল্পকারখানার রাসায়নিক বর্জ্য, অন্যদিকে হাটবাজার ও পৌর এলাকার ময়লা-আবর্জনা। এর সঙ্গে যুক্ত হয়েছে অবৈধ বালু উত্তোলন, অপরিকল্পিত বাঁধ নির্মাণ ও নদীর উজানে লবণাক্ততার বিস্তার। একের পর এক মানবসৃষ্ট ও প্রাকৃতিক চাপের মুখে বিপর্যস্ত হয়ে পড়ছে চট্টগ্রামের হালদা নদীর পরিবেশ। দক্ষিণ এশিয়ার রুইজাতীয় মাছের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক প্রজননক্ষেত্রটির অস্তিত্ব ও জীববৈচিত্র্য নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক গবেষণায় উঠে এসেছে নদীটির এমন উদ্বেগজনক চিত্র। গবেষণায় হালদা নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত ৮১ কিলোমিটার এলাকাজুড়ে ৫৭টি দূষণের উৎস শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ২৯টি উৎস সরাসরি নদীর পানিদূষণের জন্য দায়ী। এসব উৎসের ১৩টিকে অত্যন্ত বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেছেন গবেষকরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. শেখ বখতিয়ার উদ্দীনের তত্ত্বাবধানে এবং অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুকের নেতৃত্বে গবেষণাটি পরিচালিত হয়। এতে নদী ও দুই তীরের উদ্ভিদ বৈচিত্র্য, দূষণের উৎস এবং পরিবেশগত পরিবর্তনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
গবেষণায় হালদা নদী ও এর দুই তীরের ৮১ কিলোমিটার এলাকায় মোট ১ হাজার ২৯টি উদ্ভিদ প্রজাতি শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৭২৯টি প্রজাতি এ এলাকায় প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত হয়েছে। শনাক্ত উদ্ভিদের মধ্যে ৭৬৫টি দেশীয় এবং ২৪৪টি বিদেশি প্রজাতি। গবেষকদের মতে, বিদেশি উদ্ভিদের অনিয়ন্ত্রিত বিস্তার স্থানীয় প্রজাতির স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি করছে। এতে নদী অববাহিকার বাস্তুতন্ত্রের ভারসাম্যও বিঘ্নিত হচ্ছে।
গবেষণায় আরও দেখা গেছে, শনাক্ত উদ্ভিদের মধ্যে ৫১৭টি প্রজাতির ঔষধি গুণাগুণ রয়েছে, যা মোট উদ্ভিদ প্রজাতির ৫১ দশমিক ২ শতাংশ। তবে এর বিপরীতে ২৩টি উদ্ভিদ প্রজাতিকে মারাত্মক বিপন্ন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব উদ্ভিদের মধ্যে রয়েছে বাটনা, লেইস্যা গর্জন, চাউ তাল, ঈশ্বরমূল ও পাখা ঢেকিয়া। দ্রুত সংরক্ষণ উদ্যোগ না নিলে এসব দেশীয় প্রজাতি একসময় হালদা অববাহিকা থেকে হারিয়ে যেতে পারে বলে আশঙ্কা গবেষকদের।
গবেষণার অন্যতম উদ্বেগজনক দিক হলো হালদার উজানে উপকূলীয় উদ্ভিদ কেওড়াগাছের উপস্থিতি। সাধারণত লবণাক্ত পরিবেশে জন্মানো এই উদ্ভিদের বিস্তারকে নদীর উজানে লবণাক্ততার প্রভাব বৃদ্ধির সম্ভাব্য ইঙ্গিত হিসেবে দেখছেন গবেষকরা।
লবণাক্ততার প্রভাব বাড়তে থাকলে রুই, কাতলা, মৃগেল ও কালবাউশসহ কার্পজাতীয় মাছের প্রজনন পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে মা মাছের ডিম ছাড়ার উপযোগী পরিবেশ, ডিমের বিকাশ এবং মাছের পোনা বেড়ে ওঠার স্বাভাবিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
Read this report in English · ইংরেজি সংস্করণ
