বিডি গ্লোবাল ডেস্ক,
কুমিল্লার মুরাদনগরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে জোড়া খুনের ঘটনায় প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা মো: লুৎফর রহমান এসব তথ্য জানান।
গ্রেফতার হওয়া তিনজন হলেন— মামলার প্রধান আসামি মো: মোস্তাক আহাম্মেদ ওরফে আবু (৫৮), তার স্ত্রী হনুফা বেগম (৪৫) ও মেয়ে ইতি (১৮)।
পুলিশ জানায়, গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় মুরাদনগর উপজেলার ধরানীপাড়া গ্রামের বাসিন্দা মঞ্জুরুল আলম তিতু (৩৫) ও খালেদা আক্তার বেবি (৭০) ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন। এ ঘটনায় মুরাদনগর থানায় হত্যা মামলা করা হয়।
মামলার পর কুমিল্লা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তদন্ত ও অভিযান শুরু করে। আধুনিক তথ্যপ্রযুক্তির বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুমিল্লা শহরের বাদশাহ মিয়া বাজার এলাকা থেকে মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি হনুফা বেগম ও ৩ নম্বর আসামি ইতিকে গ্রেফতার করা হয়।
পরে মামলার প্রধান আসামি মোস্তাক আহাম্মেদ ওরফে আবু ট্রেনযোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এলাকায় চলন্ত ট্রেন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা জমিসংক্রান্ত বিরোধের জেরে মঞ্জুরুল আলম তিতু ও খালেদা আক্তার বেবি হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।
কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা মো: লুৎফর রহমান বলেন, গ্রেফতার হওয়া আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
